Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

‘সাচ্চা কার্যকর্তা বাহিনী’ গড়াই লক্ষ্য বিজেপির শ্যামাপ্রসাদের লড়াইয়ের ইতিহাসকে সামনে রেখে প্রশিক্ষণ

শিলিগুড়িতে বিজেপি ‘সাচ্চা কার্যকর্তা বাহিনী’ গঠনের জন্য প্রশিক্ষণ শিবির শুরু করেছে। শ্যামাপ্রসাদের সংগ্রাম তুলে ধরা হচ্ছে। বিস্তারিত পড়ুন।

‘সাচ্চা কার্যকর্তা বাহিনী’ গড়াই লক্ষ্য বিজেপির শ্যামাপ্রসাদের লড়াইয়ের ইতিহাসকে সামনে রেখে প্রশিক্ষণ
  • ১৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুব্রত ধর, শিলিগুড়ি: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিজেপি পার্টি অফিসে সর্বক্ষণ ভিড় কার্যকর্তাদের। কিন্তু দলের ইতিহাস কতজন জানেন? কতজন চেনের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে? তাই শিলিগুড়িতে মণ্ডলে মণ্ডলে পার্টির ক্লাস শুরু করেছে বিজেপি। 

Advertisement

দলীয় সূত্রের খবর, রাজ্যে পালাবদল হলেও দলের ভিত মজবুত হয়নি। যাঁরা দলে ভিড় করছেন, তাঁদের সকলের উপর ভরসা করা যায় না। তাই শ্যামাপ্রসাদের লড়াই, সংগ্রামের কাহিনি তুলে ধরে ‘সাচ্চা কার্যকর্তা বাহিনী’ তৈরি করাই তাদের টার্গেট। বিজেপির এমন কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 
দলের শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি অরুণ মণ্ডল অবশ্য বলেন, আমাদের দলের নীতি, আদর্শ রয়েছে। এর ভিত্তিতেই সুশৃঙ্খল কার্যকর্তা তৈরি করাই আমাদের লক্ষ্য। সেজন্যই মণ্ডলে মণ্ডলে প্রশিক্ষণ শিবির করা হচ্ছে। 
রাজ্যে পালাবদলের পরই শিলিগুড়িতে পদ্ম শিবিরে ভিড় ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে শহরের প্রতিটি ওয়ার্ডে খোলা হয়েছে দলের কার্যালয়। গ্রামে গ্রামেও কার্যালয় খোলা হয়েছে। কেউ কেউ আবার পদ্মের ঝান্ডা নিজে থেকেই হাতে নিয়ে নিজেকে বিজেপি কর্মী বলতে শুরু করেছেন। এমনকী, অনেকে বিজেপির নাম করে বিভিন্ন ধরনের অপকর্ম করছেন বলে অভিযোগ। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এমন প্রেক্ষাপটে দলের প্রকৃত কার্যকর্তা তৈরি করতে প্রশিক্ষণ শিবির শুরু করেছে পদ্ম শিবির। 
বিজেপি সূত্রে খবর, শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির অধীনে মণ্ডল কমিটির সংখ্যা ২৮টি। যারমধ্যে ফাঁসিদেওয়া মণ্ডল কমিটিতে দু’দিনের প্রশিক্ষণ শিবির হয়েছে। আগামী ১৮ ও ১৯ জুলাই মাটিগাড়া-নকশালবাড়ির ৯ নম্বর মণ্ডল এবং শিলিগুড়ির-১ নম্বর মণ্ডল কমিটিতে প্রশিক্ষণ শিবির হবে। দু’মাসের মধ্যে সমস্ত মণ্ডলে শিবির করা হবে। বিজেপির এক নেতা বলেন, হঠাৎ করেই দলের কিছু মাতব্বর তৈরি হয়েছে। যাঁদের জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ওই মাতব্বরদের চিহ্নিত করা এবং দলের সচ্চা কার্যকর্তা তৈরি করাই শিবিরের টার্গেট। প্রশিক্ষিত কার্যকর্তা বাহিনীদের মাধ্যমেই আগামীতে পুরসভা ও ত্রিস্তর পঞ্চায়েতের ভোট পরিচালন করা হবে। 
প্রসঙ্গত, ২০১৪ সালে এ ধরনের শিবির হয়েছিল এখানে। দীর্ঘ ১২ বছর পর আবার সেই শিবির হচ্ছে। দলের মুখপাত্র ত্রিদীপ সাহা বলেন, এখন দল বড়ো হচ্ছে। কিন্তু, ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের সম্পর্ক, দলের ইতিহাস অনেকেই জানেন না। ভারতীয় জনসংঘ থেকে বিজেপির জন্ম, শ্যামাপ্রাসাদের লড়াই সংগ্রাম সবটাই শিবিরে তুলে ধরা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ