Bartaman Logo
২২ জুলাই, ২০২৬

সহকর্মীকে যৌন হেনস্তায় অভিযুক্ত ট্রেনি আইপিএসের আত্মহত্যার চেষ্টা

সহকর্মীকে যৌন হেনস্তায় অভিযুক্ত ট্রেনি আইপিএসের আত্মহত্যার চেষ্টা
  • ২২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: যৌন হেনস্তায় অভিযুক্ত শিক্ষানবিস আইপিএসের আত্মহত্যার চেষ্টা। চাঞ্চল্য হায়দরাবাদে। ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমির ওই শিক্ষানবিসের বিরুদ্ধে কয়েকদিন আগেই যৌন হেনস্তা, মারধর সহ একাধিক অভিযোগ উঠেছিল। তাঁর দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন অন্য এক শিক্ষানবিস মহিলা আইপিএস। সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে পুলিশ। তারপরেই রবিবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন উদয় কৃষ্ণ রেড্ডি নামে ওই অভিযুক্ত । সুইসাইড নোটে উদয় অভিযোগকারিনী সহকর্মীর বিরুদ্ধেই যৌন নিগ্রহের অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, অভিযোগকারিনী বিবাহিতা। তারপরও জোর করে তাঁর সঙ্গে সম্পর্ক রাখছিলেন ওই মহিলা। অথচ তিনিই যৌন হেনস্তার ভুয়ো অভিযোগ দায়ের করেন। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। 

Advertisement

এর আগে অভিযোগকারিনী দাবি করেছিলেন, হোয়াটসঅ্যাপে যৌন ইঙ্গিতপূর্ণ টেক্সট পাঠাতেন উদয়। অন্যদের সামনে তাঁর সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যও করতেন। উদয়ের বিরুদ্ধে মারধর, যৌন হেনস্তা, ব্ল্যাকমেল করার জন্য গোপনে ব্যক্তিগত মুহূর্তের ভিডিয়ো রেকর্ড করারও অভিযোগ করেছেন তিনি। 
সুইসাইড নোটে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন উদয়। তাঁর দাবি,  ‘২০২৫ সাল থেকে অভিযোগকারিনীর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বিয়ের পরও জোর করে সেই সম্পর্ক চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই মহিলা। হঠাৎ করেই আমার ঘরে চলে আসেন এবং ঝগড়া শুরু করেন। নিজেকে নির্দোষ প্রমাণের জন্য আমি ঘটনা রেকর্ড করেছিলাম।’ উদয়ের আরও দাবি, গত ৯ জুলাই জোর করে শারীরিক সম্পর্ক করতে চান অভিযোগকারিনী। সেই ভিডিয়ো রেকর্ড করে প্রমাণ হিসেবে মহিলার স্বামীকে পাঠিয়েছিলেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ