Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

এনজেপিতে দেরিতে এল ট্রেন, দিনভর ব্যাপক দুর্ভোগ যাত্রীদের, দার্জিলিং মেল সাড়ে ৫, পদাতিক ৬, বন্দে ভারত ৩ ঘণ্টা লেট

মুর্শিদাবাদের ফরাক্কার আগে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার জেরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের মধ্যে ট্রেন চলাচল বুধবার রাত থেকে বিপর্যস্ত হয়ে পড়ে

এনজেপিতে দেরিতে এল ট্রেন, দিনভর ব্যাপক দুর্ভোগ যাত্রীদের, দার্জিলিং মেল সাড়ে ৫, পদাতিক ৬, বন্দে ভারত ৩ ঘণ্টা লেট
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: মুর্শিদাবাদের ফরাক্কার আগে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার জেরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের মধ্যে ট্রেন চলাচল বুধবার রাত থেকে বিপর্যস্ত হয়ে পড়ে। অধিকাংশ ট্রেন অস্বাভাবিক বিলম্বে চলায় চরম নাজেহাল হন যাত্রীরা। 

Advertisement

বুধবার রাতে কলকাতা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গমুখী একাধিক ট্রেন বৃহস্পতিবার নির্ধারিত সময়ের তুলনায় ৫ থেকে ৬ ঘণ্টা দেরিতে এনজেপি স্টেশনে আসে। ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী সহ পর্যটকরা। বহু পর্যটকের হোটেল বুকিং, গাড়ি ও সাইটসিয়িংয়ের পরিকল্পনা ওলটপালট হয়ে যায়।
বুধবার রাতে শিয়ালদহ থেকে ছাড়া দার্জিলিং মেল বৃহস্পতিবার দুপুর দেড়টায় এনজেপিতে পৌঁছয়। দীর্ঘক্ষণ ট্রেনে আটকে থাকায় যাত্রীরা ক্লান্ত হয়ে স্টেশনে নেমেই জল ও খাবারের খোঁজে ছোটেন। ট্রেনে হকার না থাকায় জল কেনার সুযোগও মেলেনি বলে অভিযোগ।
দুপুরে দার্জিলিং মেলে এনজেপি স্টেশনে নেমে শিলিগুড়ির বাসিন্দা শ্রাবণী দাশগুপ্ত বলেন, সকালে ঘুম ভেঙে দেখি ট্রেন দাঁড়িয়ে। পরে জানতে পারি ফরাক্কার আগে লাইন মেরামতের কাজ চলছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় জলের জন্য যাত্রীদের মধ্যে হাহাকার পড়ে যায়। ট্রেনে হকার না থাকায় দুর্ভোগ কয়েকগুণ বাড়ে। অন্যদিকে, বারাসাতের বাসিন্দা যুধাজিৎ দত্ত সপরিবারে সিকিমে যাওয়ার জন্য এদিন এনজেপিতে নামেন। ট্রেন থেকে নেমেই গাড়িতে সিকিম যাওয়ার কথা থাকলেও ট্রেন দেরি করায় তাঁর হোটেল বুকিং, গাড়ি ও সাইটসিয়িংয়ের পরিকল্পনা বদলে যায়। বলেন, জানি না আজ সিকিম পৌঁছতে পারব কি না।
পদাতিক এক্সপ্রেস সকাল সোয়া ৯টার পরিবর্তে এনজেপিতে আসে দুপুর সাড়ে ৩টেয়।হাওড়াগামী বন্দেভারত এক্সপ্রেসও নির্ধারিত সময় থেকে তিন ঘণ্টা দেরিতে এনজেপিতে পৌঁছয় এবং হাওড়ার উদ্দেশ্যে দেড় ঘণ্টা পরে রওনা হয়। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ