


মাদ্রিদ, ২১ জানুয়ারি: মাত্র তিন দিনের মাথায় ফের ট্রেন দুর্ঘটনা স্পেনে। এবার বার্সেলোনার কাছে লাইনচ্যুত হল একটি যাত্রীবাহী ট্রেন। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চালকের। জখম কমপক্ষে ৩৭ জন যাত্রী। গত ১৮ জানুয়ারি স্পেনের দক্ষিণের কর্ডোবা প্রদেশের আদামুজের কাছে দু’টি হাইস্পিড ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৪১ জন প্রাণ হারান। তার রেশ কাটার আগেই বার্সেলোনার এই দু্র্ঘটনা প্রশ্ন তুলছে রেল নিরাপত্তা নিয়ে।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে একটি লোকাল ট্রেন। ট্রেনটি গেলিদা থেকে সান্ত সাদুরনি ডি’আনোয়ার পথে যাচ্ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে জরুরি চিকিৎসক দল। একে একেস উপস্থিত হয় ২০টি অ্যাম্বুলেন্স। কাতালোনিয়া থেকে দমকলের ৩৮টি ইঞ্জিনও পাঠানো হয়। কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কাতালোনিয়ার স্থানীয় সরকার মনে করছে, প্রবল ঝড়-বৃষ্টির জন্য লাইনে পাথরের চাঁই গড়িয়ে পড়ায় ট্রেনটি লাইনচ্যুত হয়।