ষষ্ঠীর ভোরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, কল্যাণী এক্সপ্রেসওয়েতে গতির বলি ৩
  • ১৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর ও কলকাতা: মহাষষ্ঠীর ভোরে কল্যাণী এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতির বলি হলেন তিনজন। সোদপুরের দিক থেকে চারচাকার একটি গাড়ি বেপরোয়া গতিতে নৈহাটির দিকে যাচ্ছিল। সেই সময় বারাকপুরের আমবাগানের কাছে সামনে থাকা আরেকটি চারচাকার গাড়িকে পিছন থেকে সরাসরি ধাক্কা মারে সেটি। শুধু তাই নয়, সামনে থাকা একটি বাইকেও ধাক্কা মারে গাড়িটি। এই ঘটনায় বাইক আরোহী বিশাল শর্মার মৃত্যু হয়। যে চার চাকার গাড়িকে ধাক্কা মেরেছে, ওই গাড়িতেই ছিলেন দম্পতি অরিন্দম গোস্বামী (৩৯) ও সংগীতা গুহ (৩৩)। তাঁদেরও মৃত্যু হয়েছে এই ঘটনায়। এছাড়াও কয়েকজন আহত হয়েছেন দুর্ঘটনায়।পুলিশ সূত্রে জানানো হয়েছে, আহতদের বারাকপুরের বি এন বসু হাসপাতালে ভরতি করা হয়েছে। গত দু’-তিনদিনে গভীর রাতে কল্যাণী এক্সপ্রেসওয়েতে এই নিয়ে বেপরোয়া গতির বলি হল চারজন। ট্রাফিক পুলিশের কর্তারা জানিয়েছেন, স্পিড লিমিট করা হয়েছে। দিনে ক্যামেরা বসিয়ে মনিটর করা হচ্ছে। ট্রাফিক আইন ভাঙলে জরিমানা করা হচ্ছে। কিন্তু গভীর রাতে বা ভোরের দিকে নজরদারি কম থাকে। সেই সময় কেউ বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটালে, ধরা মুশকিল হচ্ছে। কল্যাণী এক্সপ্রেসওয়েতে প্রচণ্ড জোরে গাড়ি চালানো কিছু মানুষের নেশায় পরিণত হয়েছে। ফলে দুর্ঘটনা আটকানো যাচ্ছে না। 

Advertisement

অন্যদিকে ৯১/সি এবং ২১১ রুটের দুই বেসরকারি বাসের রেষারেষির জেরে গুরুতর জখম হলেন এক বৃদ্ধ পথচারী। পঞ্চমীতে রাত সাড়ে ন’টা নাগাদ এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে মানিকতলা থানা এলাকার উল্টোডাঙা মেন রোডে মুচিবাজারে।  লালবাজার জানাচ্ছে, রেষারেষি চলাকালে দুই বাসের মাঝে পড়ে যান  অশোক মান্না নামে ৬৪ বছরের বৃদ্ধ পথচারী। এতে তিনি গুরুতর জখম হন। জখম অবস্থায় প্রথমে তাঁকে আর জি কর এবং পড়ে একটি নার্সিংহোমে ভরতি করা হয়েছে। মানিকতলা থানার পুলিশ চালক সহ বাসটিকে আটক করেছে।