সংবাদদাতা বারুইপুর: রবিবার সকালে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। মন্দিরবাজারের গাববেড়িয়া এলাকায় ৮৯ নম্বর রুটের একটি যাত্রীবোঝাই বাস উল্টে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল বাসের কন্ডাক্টরের, নাম খোকন সর্দার তাঁর বয়স আনুমানিক ৫৭। দুর্ঘটনায় আহত হয়েছেন ১১ জন যাত্রী। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢোলাহাট জুমাই লস্করের হাট থেকে লক্ষ্মীকান্তপুরের উদ্দেশ্যে রওনা দেওয়া বাসটি গাববেড়িয়া এলাকায় পৌঁছলে ভগবতীপুরে বেহাল রাস্তার কারণে একটি দুধবাহী পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। মুহূর্তের মধ্যে বাসজুড়ে চিৎকার-আর্তনাদ শুরু হয়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার জেরে ওই রোডে কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে মন্দিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
এই মর্মান্তিক ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন বাস সংগঠনের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে দুর্ঘটনার আশঙ্কা ছিল। অবিলম্বে রাস্তা মেরামত এবং অবৈধ যান চলাচল বন্ধে প্রশাসনের হস্তক্ষেপের দাবি তুলেছেন তাঁরা।