


নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বিদ্যাসাগর সেতুতে কেবল ও বেয়ারিং বদলের জন্য শনিবার ভোর ৪টে থেকে সকাল ৯টা পর্যন্ত যান চলাচল বন্ধ রেখেছিল পুলিশ। সেই কাজের কিছুটা এখনও বাকি। সেকারণে আজ, রবিবার দুপুর ২টো থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। পণ্যবাহী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়ার পাশাপাশি এদিন কলকাতাগামী বেশ কিছু বাসকে সেতু না খোলা পর্যন্ত সাঁতরাগাছি ও বেলেপোল মোড়ে আটকে রাখে পুলিশ। ফলে তীব্র ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। বেলেপোল মোড়ে এদিন পুলিশের সঙ্গে বচসায়ও পড়েন যাত্রীদের কেউ কেউ।
বিদ্যাসাগর সেতুতে কাজ চলাকালীন কলকাতা ও হাওড়ামুখী সব গাড়িকে হাওড়া ব্রিজ ও নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। কোলাঘাটগামী গাড়িগুলিকে কাজিপাড়া, জিটি রোড, আন্দুল রোড, আলমপুর হয়ে ১৬ নম্বর জাতীয় সড়কের দিকে পাঠিয়ে দেওয়া হয়। ডানকুনিগামী গাড়িগুলিকে হ্যাংস্যাং ক্রসিং থেকে কোনা এক্সপ্রেসওয়ে, সিসিআর ব্রিজ হয়ে পাকুড়িয়ার দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। শনিবারের মতো রবিবারও দুপুর ২টো থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত একইভাবে ট্রাফিক ডাইভার্সন চলবে বলে জানিয়েছে হাওড়া সিটি পুলিশ। এদিন সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সাঁতরাগাছি ও বেলেপোল মোড়ে অফিস যাত্রীদের ভিড় দেখা গিয়েছে। বাস না পেয়ে অনেকেই ক্ষোভ উগড়ে দেন। অফিসে দেরি হওয়ার কারণে পুলিশের সঙ্গেও কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন অনেকে। যাত্রীদের কেউ কেউ বলেন, ‘ব্রিজ বন্ধের নোটিশের কথা আগে থেকে জানানো হয়নি। মাঝেমধ্যেই ব্রিজ বন্ধ থাকার কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।’ এদিন সকাল সাড়ে ন’টা নাগাদ অবশ্য বিদ্যাসাগর সেতুগামী লেন খুলে দেয় পুলিশ। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।