নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। বহু বিস্তীর্ণ এলাকায় ইতি মধ্যেই ধস নেমে যান চলাচল ব্যহত হয়েছে। সাধারণদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার ভারী বৃষ্টির কারণে আজ শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ১০ নম্বর জাতীয় সড়কে সব ধরনের যান চলাচল ৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। নিরাপত্তার কথা মাথায় রেখে এনএইচআইডিসিএ(NHIDCL)-এর পক্ষ থেকে সেবক থেকে রাংপো পর্যন্ত সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জেলা প্রশাসন ও পুলিশকে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। স্নংশ্লিষ্ট জাতীয় সড়ক কালিম্পং ও সিকিমের লাইফ লাইন। ইতিমধ্যে শিলিগুড়ির সঙ্গে কালিম্পং ও সিকিমের সড়ক যোগাযোগ ঘুর পথে শুরু হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার টানা বৃষ্টিতে ফের ধস নামে সিকিমের রিম্বি গ্রামে। এতে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত আগস্ট থেকেই বারবার ধস নামছে এলাকায়। বিপজ্জনক পরিস্থিতিতে গত রবিবার ৩৫টি পরিবারকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছিল। এদিন ফের রাস্তার উপর পলি ও বড় বড় বোল্ডার নেমে আসে। বহু বাড়ির অর্ধেক অংশ কাদায় ঢেকে যায়। অন্যদিকে, সিকিমের ছাঙ্গু, জিরো পয়েন্ট ও ইউমথাংয়ে তুষারপাতের জেরে বিস্তীর্ণ এলাকা বরফে ঢেকেছে। মাঙ্গনে সাতটি, নামচিতে দু’টি এবং গ্যালসিংয়ে তিনটি রাস্তা বন্ধ রয়েছে। ১০ নম্বর জাতীয় সড়কের ২০ মাইল ও বরদাং এলাকাতেও যান চলাচল ব্যাহত। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিংও। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তাকদায় স্বাস্থ্যকেন্দ্রের দেওয়াল ধসে এক বৃদ্ধ আহত হয়েছেন। একাধিক রাস্তার পাশাপাশি কালিম্পংয়ের লাভারবোটে গাছ পড়ে ১০ নম্বর জাতীয় সড়কেও যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করেছে প্রশাসন।