জাতীয় সড়কে জ্যাম, অঙ্কুরহাটি মোড়ে গাড়ি পারাপারে নিয়ন্ত্রণ
  • ১৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা থেকে কোলাঘাট— ১৬ নম্বর জাতীয় সড়কে যানজট কমাতে একের পর এক পরিকল্পনা করছে হাওড়া সিটি পুলিশ। অঙ্কুরহাটি মোড়ে হাইওয়ের উপর সংযোগকারী দু’টি রাস্তা রয়েছে। এই সিগন্যাল পারাপারের ক্ষেত্রে তিন ও চার চাকার গাড়ির উপর নিয়ন্ত্রণ জারি করল রাজ্য পুলিশ। গাড়ি ঘোরানোর জন্য দু’টি নির্দিষ্ট রুট ঠিক করে দেওয়া হয়েছে।  সংযোগকারী রাস্তায় ক্রশ বেরিয়ার বসানো হয়েছে।

Advertisement

শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর ১৬ নম্বর জাতীয় সড়কে যানজট কমাতে উঠেপড়ে লেগেছে পুলিশ। কারণ এই রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী মাঝেমধ্যেই যাতায়াত করেন। এই রাস্তায় পুলিশের মূল মাথাব্যথা হল অঙ্কুরহাটি মোড়। সংযোগকারী এই মোড়ের একদিকে রয়েছে মাকড়দহ, অন্যদিকে প্রশস্ত যাওয়ার রাস্তা। এ প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়ার জন্য চার চাকা ও দু’চাকার গাড়ি, টোটো সহ সমস্ত ধরনের যান হাইওয়ে ব্যবহার করে। যে কারণে জাতীয় সড়কের যানজট হচ্ছে। সিগন্যাল লাল হওয়ার পরেও তা অমান্য করে হাইওয়েতে উঠে পড়ছে গাড়িগুলি। ফলে জাতীয় সড়ক ধরে আসা গাড়িগুলির অঙ্কুরহাটি মোড় অতিক্রম করতেই একঘণ্টা সময় লাগছে। ট্রাফিক দপ্তরের কর্তারা ওই এলাকা বারবার ঘুরে দেখেছেন। তাঁদের পর্যবেক্ষণ, অঙ্কুরহাটি মোড়ে যানজট কমাতে হলে ক্রশওভার বন্ধ করা দরকার। কেবলমাত্র বাইক ও পথচারীরাই এই সড়ক পারাপার করতে পারবেন। এর ফলে জাতীয় সড়কের সিগন্যাল বেশিক্ষণ সবুজ রাখা যাবে।  
ঠিক হয়েছে, মাকড়দহ ও প্রশস্ত রোড থেকে অঙ্কুরহাটি মোড়ে আসা তিন ও চার চাকার গাড়িগুলি সরাসরি হাইরোড ক্রশ করে ওপারে যেতে পারবে না।  সিটি পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, মাকড়দহ থেকে তিন ও চার চাকার গাড়িগুলি অঙ্কুরহাটি মোড়ে আসার পর বাঁদিক ঘুরে পাকুড়িয়া আন্ডারপাসের দিকে যাবে। সেখান থেকে গাড়িগুলি ডানদিকে ঘুরে সার্ভিস রোড হয়ে জাতীয় সড়কে উঠবে। এরপর অঙ্কুরহাটি মোড়ের কাছে এসে বাঁদিকে প্রশস্ত রোডে ঢুকতে পারবে। অন্যদিকে প্রশস্ত রোড থেকে আসা গাড়ি হাইরোড থেকে বাঁ দিকে ঘুরে সরস্বতী ব্রিজের দিকে যাবে। সেখানে ফের আন্ডারপাস ব্যবহার করে জাতীয় সড়কের উলটো লেনে উঠে কলকাতা বা মাকড়দহের রাস্তা ধরতে পারবে। ইতিমধ্যেই এই নতুন ব্যবস্থা চালু হয়েছে। এতে অঙ্কুরহাটি মোড়ের যানজট সমস্যা কমেছে বলে ট্রাফিকের দাবি।
একসঙ্গে ধূলাগড় থেকে রানিহাটির দিকে যাওয়ার ক্ষেত্রে খাঁ মোড়ে গাড়ির  পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে। ফেলা হয়েছে বোল্ডার। কেবলমাত্র পথচারীরা পারাপার করতে পারবেন। পাশাপাশি অঙ্কুরহাটি, ধূলাগড় ও রানিহাটি এলাকায় কোনো গাড়ি খারাপ হলে তা দ্রুত সরানোর জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে দু’টি রেকার ভ্যান চেয়েছে হাওড়া সিটি পুলিশ।