সংবাদদাতা, বোলপুর: দুর্গাপুজোর আগে জমে উঠেছে বাজার। পাল্লা দিয়ে বাড়ছে শহরের রাস্তায় ভিড়। এর মধ্যেই বিভিন্ন রাস্তায় বিজ্ঞাপনের গেট ঘিরে যানজটের সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ। বোলপুর শহরের চৌরাস্তা থেকে চিত্রা মোড়, লজ মোড় থেকে জামবুনি হয়ে জামবুনি বাসস্ট্যান্ডের রাস্তা, শান্তিনিকেতনের শ্যামবাটি মোড় সহ একাধিক এলাকায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। তার উপর রাস্তার ধারে যত্রতত্র গাড়ি ও টোটো দাঁড় করিয়ে রাখায় সমস্যা আরও বাড়ছে। যানজটনিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, বিজ্ঞাপনের গেট তৈরির সময় যান চলাচলের বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না। এমনকি বিজ্ঞাপনের গেটগুলি সারি দিয়ে রাস্তা থেকে যথেষ্ট দূরত্বে নেই। একেবারে রাস্তা লাগোয়া। ফলে ব্যস্ত রাস্তায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। পুজোর কেনাকাটা করতে বেরিয়ে যানজটে আটকে পড়ছেন মানুষ। শুধু গাড়ি নয়, রাস্তা পারাপার করতে গিয়েও সমস্যায় পড়ছেন পথচারীরা। এমনকি রাস্তা থেকে ফুটপাতে হেঁটে যেতেও সমস্যা হচ্ছে। শহরের বাসিন্দা শুভশ্রী মজুমদার বলেন, পুজোর আগে রাস্তায় এমনিতেই ভিড় বাড়ে। তার উপর বিজ্ঞাপনের গেট ও যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে রাখায় চলাচলে সমস্যা হচ্ছে। প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার।
পার্কিংয়ের নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় রাস্তার ধারে গাড়ি ও টোটো দাঁড় করিয়ে রাখার প্রবণতাও যানজটের অন্যতম কারণ বলে অভিযোগ। বাসিন্দাদের দাবি, বিজ্ঞাপনের গেট তৈরির ক্ষেত্রে যান চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা রাখা এবং ব্যস্ত মোড়গুলিতে যান নিয়ন্ত্রণের ব্যবস্থা করা জরুরি।
যদিও এই বিজ্ঞাপনের গেটের বিষয় নিয়ে বোলপুর পুরসভার প্রশাসকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, পুলিশের এক আধিকারিক বলেন, পুজোর সময় শহরের সব রাস্তায় যথেষ্ট পুলিশ মোতায়েন থাকবে। নজরদারি চলবে যাতে সমস্যা না হয়।



