পুজোয় যানজট, শান্তিনিকেতনের রাস্তায় গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা
  • ১৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: পুজোয় যানজট নিয়ন্ত্রণে বোলপুর-শান্তিনিকেতনের একাধিক রাস্তায় যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করল জেলা পুলিশ। আজ বৃহস্পতিবার থেকে থেকে আগামী ২৫ অক্টোবর প্রতিদিন বিকাল ৩টে থেকে রাত ১২টা পর্যন্ত নির্দিষ্ট রাস্তায় ছোট গাড়ি, টোটো ও ভারী যান চলাচল বন্ধ থাকবে। ওয়ার্ল্ড হেরিটেজ শহর বোলপুর-শান্তিনিকেতনের ২২টি ওয়ার্ডে রয়েছে একাধিক সর্বজনীন পুজো। এমনিতেই সারাবছর শহরের রাস্তায় যানজট লেগেই থাকে। পুজোয় অতিরিক্ত ভিড় বাড়লে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা। তার উপর শহরে টোটোর সংখ্যা ক্রমাগত বাড়ছে। তাই যান চলাচল নিয়ন্ত্রণে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোলপুর থানার অধীন আরতি মোড় থেকে নিচুপট্টি ডাঙালিকালীতলা, কাশিমবাজার গোপাল রাইস মিল থেকে কাছারিপট্টি হয়ে রেল স্টেশন, জিলিপিতলা থেকে বিবেকানন্দপল্লি, কালীপুকুর থেকে রামকৃষ্ণ রাস্তা মোড়, বাঁধগোড়া মোড় থেকে বোলপুর হাইস্কুল, চৌরাস্তা এবং চিত্রা মোড় থেকে চৌরাস্তা হয়ে রেল স্টেশন মোড়ে যানচলাচলে নিয়ন্ত্রণ থাকবে। এ ছাড়াও লালপুল ব্রিজ থেকে দর্জিপাড়া, হরগৌরীতলা এবং ত্রিশুলাপট্টি থেকে ডাঙালিকালীতলা ও হরগৌরীতলা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। শান্তিনিকেতন থানার অধীন সরকারডাঙা পার্কিং থেকে শ্যামবাটি ক্যানালপাড় হয়ে শালবন পার্কিং, শ্যামবাটি মোড় থেকে পোস্ট অফিস মোড় হয়ে লজ মোড় এবং জামবুনি ট্রায়াঙ্গুলার মোড় থেকে শক্তি বৈরাগীর চায়ের দোকান, শ্রীনন্দা হাইস্কুল মোড় হয়ে কালীসায়র মোড় পর্যন্ত নিষেধাজ্ঞা জারি হয়েছে। সুরুল ধরমতলা, সুরুল ফাঁড়ি, জোড়া শিবমন্দির মোড় ও মুখার্জি শিবমন্দির এলাকাতেও যান চলাচল নিয়ন্ত্রিত হবে। 
এছাড়াও জানানো হয়েছে, বিকল্প পথে ত্রিশুলাপট্টি থেকে লালপুল, চিত্রা মোড়, লজ মোড়, জামবুনি বাসস্ট্যান্ড, রবীন্দ্রবীথি বাইপাস ও জিলিপিতলা হয়ে কাশীপুর বাইপাস ধরে কাশিমবাজারের গোপাল রাইস মিল পর্যন্ত যাতায়াত করা যাবে। 
পুলিশের এক আধিকারিক বলেন, পুজোয় যানজট এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে নিষেধাজ্ঞা মেনে চলার জন্য গাড়ি চালকদের নির্দেশ দেওয়া হয়েছে। পুজোর জন্য শহরের প্রতিটি রাস্তার মোড়ে পুলিশ মোতায়েন থাকবে। অন্যদিকে, পুজো ও বিসর্জনের আগে দুর্ঘটনা এড়াতে শহরের বিভিন্ন রাস্তায় বিপজ্জনক গাছের ডাল ছাঁটছে বোলপুর পুরসভা।