নয়াদিল্লি: আগামী ১৫ অক্টোবর থেকে দু’হাজার টাকার উপর ইউপিআই লেনদেনে ০.৪ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তারই প্রতিবাদে সরব দেশের ব্যবসায়ী সংগঠন। আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন ‘নো ইউপিআই ডে’ পালনের ডাক দিয়েছে দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। ওইদিন দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ইউপিআই স্ক্যানার, কিউআর কোড এবং সাউন্ড বক্স কালো কাপড়ে ঢেকে রাখা হবে। মহারাষ্ট্র চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচারের সভাপতি রবীন্দ্র মানগাভে বলেন, ‘শুধু মহারাষ্ট্র নয়, দেশের প্রধান ব্যবসায়ী সমিতিগুলির সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেডারেশন অব রিটেল ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া মোবাইল রিটেইলার্স অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া জুয়েলার্স অ্যান্ড গোল্ডস্মিথ ফেডারেশন এবং অল ইন্ডিয়া এডিবল অয়েল ট্রেডার্স ফেডারেশনের মতো শীর্ষ সংগঠনগুলি এই প্রতিবাদে পূর্ণ সমর্থন জানিয়েছে।’ তিনি আরও জানান, ওইদিন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের কাছে স্মারকলিপি দেওয়া হবে।



