নয়াদিল্লি: পাল্টা শুল্ক আরোপ নিয়ে সময়সীমা বাড়িয়েছে আমেরিকা। নতুন দিন ধার্য করেছে আগামী ১ আগস্ট। ওয়াশিংটন ইতিমধ্যেই প্রায় ২০টি দেশের নাম ঘোষণা করে দিয়েছে যাদের উপর ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কর চাপতে চলেছে। এই তালিকায় রয়েছে ব্রাজিল, বাংলাদেশ, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপানোর মতো দেশগুলির নাম। তবে চড়া হারে কর এড়াতে ১ আগস্টের এই নয়া সময়সীমার মধ্যেই আমেরিকার সঙ্গে অন্তর্বর্তী বাণিজ্যচুক্তি চূড়ান্ত করে ফেলতে চাইছে ভারত। এবিষয়ে পরবর্তী পর্যায়ের আলোচনা সারতে আগামী সপ্তাহে ফের আমেরিকা যেতে পারে ভারতের প্রতিনিধিদল। বাণিজ্য আলোচনা সংক্রান্ত এই প্রতিনিধিদলটির নেতৃত্বে রয়েছেন বাণিজ্য মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ আগরওয়াল। সরকারি সূত্রে খবর, সম্ভাব্য অন্তর্বর্তী বাণিজ্যচুক্তির পথে দুই দেশের মধ্যে কৃষিক্ষেত্র সহ এখনও কিছু বিষয়ে মতান্তর রয়ে গিয়েছে। পরবর্তী পর্যায়ের আলোচনার মাধ্যমে সেইসব বিষয়গুলি সমাধানের চেষ্টা চলবে বলে খবর।



