নাগরাকাটায় জলঢাকা নদীতে বিসর্জনের মাঝেই হাতির দেখা, আনন্দিত পর্যটকরা
  • ২৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নাগরাকাটা: নাগরাকাটার জলঢাকা নদীতে প্রতিমা বিসর্জন দেখতে দর্শনার্থীদের ভিড়। ঠিক সেই সময়ই নদীর পাশের জঙ্গল থেকে বেরিয়ে আসা দু’টি হাতিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। বুধবার বিকেলের এই ঘটনায় ভিড় জমান পথচলতি মানুষ থেকে পর্যটকরা। জলঢাকা ও আম্বাখোলা নদীর মাঝখানে ১৭ নম্বর জাতীয় সড়কের পাশে রয়েছে একটি জঙ্গল। সেখান থেকেই বেরিয়ে আসে হাতি দু’টি। জঙ্গল পাতলা হওয়ায় রাস্তা থেকেই স্পষ্ট দেখা যাচ্ছিল তাদের খুনসুঁটি। অনেক পর্যটক গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়েন সেই দৃশ্য দেখতে। অনেকে প্রায় কাছে গিয়ে ক্যামেরা বন্দি করেন হাতি দু’টিকে। সেই সময় হাতি দু’টিকে বিরক্ত হয়ে চিৎকার করতে দেখা যায়। এমনকী তারা বেশ কয়েকবার দৌড়ে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। কিন্তু পরক্ষণেই ফের বেরিয়ে আসে জঙ্গল থেকে। 

Advertisement

প্রত্যক্ষদর্শীদের মতে, হাতি দুটি বারবার রাস্তার কাছে চলে আসছিল। মনে হচ্ছিল রাস্তা পারাপার করতে চাইছে। কিন্তু অতিরিক্ত উৎসাহী জনতার ভিড়ের কারণে কাছে এসেও ফিরে যাচ্ছিল। এভাবে আসা-যাওয়ার মধ্যেই সন্ধ্যা নেমে আসায় ঘন অন্ধকারে আর তাদের দেখা যায়নি।
এদিকে স্থানীয়দের একাংশকে চিৎকার করে হাতি দু’টিকে আটকানোর চেষ্টা করতেও দেখা যায়। তাদের আশঙ্কা, হাতি দুটি রাস্তা পার হলেই সুখানী বস্তির দিকে ঢুকে পড়বে। তবে বিজয়া দশমীর দিনে এভাবে হাতি দেখতে পেয়ে খুশি অনেকেই।
কলকাতা থেকে আসা এক পর্যটক অরিন্দম মিত্র বলেন, পুজোর সময় ডুয়ার্সে বেড়াতে এসে জলঢাকা নদীতে প্রতিমা বিসর্জন দেখতে যাচ্ছিলাম। জলঢাকা নদীর কাছেই দেখি দু’টি হাতি বেরিয়ে এসেছে। খুনসুঁটি করছে জঙ্গলের মাঠের মধ্যে, খুব ভালো লেগেছে। প্রতিমা বিসর্জন দেখতে এসে হাতি দেখা হয়ে গেল।