Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

মন্দারমণিতে সমুদ্রে তলিয়ে মৃত্যু পর্যটকের, নিখোঁজ আরও এক

মন্দারমণিতে সমুদ্রে ডুবে মৃত্যু হল এক পর্যটকের। আরও এক পর্যটক নিখোঁজ হয়েছেন। দু’জনেই দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। শনিবার মন্দারমণির সৈকতে ৩ নম্বর ঘাটের কাছে ঘটনাটি ঘটে।

মন্দারমণিতে সমুদ্রে তলিয়ে মৃত্যু  পর্যটকের, নিখোঁজ আরও এক
  • ২৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: মন্দারমণিতে সমুদ্রে ডুবে মৃত্যু হল এক পর্যটকের। আরও এক পর্যটক নিখোঁজ হয়েছেন। দু’জনেই দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। শনিবার মন্দারমণির সৈকতে ৩ নম্বর ঘাটের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সোমনাথ মজুমদার (৪৮)। তিনি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার দৌলতপুর পূর্বপাড়া খালপাড় এলাকার বাসিন্দা। একই জায়গায় স্নান করার সময় নিখোঁজ হয়েছেন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার জামালহাটির বাসিন্দা বছর ৩১-এর কমলেশ মণ্ডল। সন্ধ্যা পর্যন্ত তাঁর কোনো খোঁজ মেলেনি। পুলিশ ও নুলিয়ারা স্পিডবোট নিয়ে জোরদার তল্লাশি জারি রেখেছে।

Advertisement

দুপুর সাড়ে ১২টা নাগাদ ৩ নম্বর ঘাটের কাছে একদল পর্যটক স্নান করছিলেন। সমুদ্র তখন উত্তাল। সেই সময় বন্ধুদের সঙ্গে স্নান করতে নামেন সোমনাথবাবু। তখন জোয়ার চলছিল। স্নানের সময় আচমকা বড়ো ঢেউয়ের তোড়ে টাল সামলাতে না পেরে তিনি তলিয়ে যান। বন্ধুরা চিৎকার শুরু করেন। দ্রুত নুলিয়ারা এসে স্পিডবোট নিয়ে তল্লাশি শুরু করে। কিছুক্ষণ পর জল থেকে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন নুলিয়ারা। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। একই জায়গায় স্নান করছিলেন কমলেশ। তাঁর সঙ্গেও বন্ধুরা ছিলেন। তিনিও প্রবল ঢেউয়ের তোড়ে একইভাবে তলিয়ে নিখোঁজ হন। নুলিয়ারা স্পিডবোট নিয়ে তল্লাশি চালালেও খোঁজ মেলেনি। পুলিশ মৃত ও নিখোঁজ পর্যটকের বাড়িতে খবর পাঠিয়েছে। ডিএসপি (ডিঅ্যান্ডটি) মোহিত মোল্লা বলেন, সৈকতে সবসময় পুলিশ ও নুলিয়াদের নজরদারি ও টহলদারি চলে। পর্যটকদের সচেতন করা হয়। তবুও নজরদারি এড়িয়ে, কোনো নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে একশ্রেণির পর্যটক বিপজ্জনক এলাকায় স্নানে নেমে যান। নিজেরাই বিপদ ডেকে আনেন। এই ঘটনার পর মন্দারমণি সহ অন্যান্য সৈকতে টহলদারি ও নজরদারি বাড়ানো হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ