মন্ত্রীর নির্দেশেও কমল না টোটোর দাপট, পুজোর মুখে যানজট বারাসতে
  • ১৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: দুর্গাপুজোর আগে বারাসতের রাস্তায় বাড়ছে মানুষের ভিড়। পাল্লা দিয়ে বাড়ছে যানজট। কেএনসি রোড থেকে বড়বাজার, আদালত চত্বর, চাঁপাডালি মোড়, ডাকবাংলো, কলোনি মোড় সহ শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় টোটোর দাপট ও বেআইনি পার্কিংয়ে বিপর্যস্ত চলাচল। যাত্রী তুলতে যেখানে-সেখানে দাঁড়িয়ে পড়ছে টোটো। পিছনে জমছে গাড়ির সারি। পুজোর কেনাকাটা করতে গিয়ে যানজটে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। অথচ টোটোর যত্রতত্র চলাচল নিয়ন্ত্রণে মন্ত্রীর নির্দেশের পরেও পরিস্থিতির বদল হয়নি বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, শহরে টোটোর সংখ্যা এতটাই বেড়েছে যে ব্যস্ত রাস্তায় চলাচল দুর্বিষহ হয়েছে। বেআইনি পার্কিংয়ে রাস্তা আরও সংকুচিত হচ্ছে। ফুটপাথ দিয়ে চলাচল করতে না পেরে রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে বিপাকে পড়ছেন পথচারীরা। টোটোর যত্রতত্র চলাচল নিয়ন্ত্রণে পরিবহণমন্ত্রী অর্জুন সিং নির্দেশ দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। দিনের পর দিন টোটোর সংখ্যা বাড়লেও নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। মন্ত্রীর নির্দেশের পরেও কেন টোটোর দাপট কমছে না, সেই প্রশ্নও উঠছে। উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতের উপর দিয়েই যাতায়াত করেন জেলাশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা। তার পরেও যানজট নিয়ন্ত্রণে স্থায়ী ব্যবস্থা কার্যকর না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা। পুজোর আগে সদর শহরের যানজট নিয়ন্ত্রণে প্রশাসন কী পদক্ষেপ করে, এখন সেদিকেই তাকিয়ে শহরবাসী। তবে এ নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement