ব্যাটারি বাঁচাতে টোটোর হেডলাইট বন্ধ, বহরমপুর শহরে বাড়ছে দুর্ঘটনা
  • ১৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বহরমপুর: ব্যাটারি বাঁচাতে টোটো চালকরা গাড়ির হেডলাইট বন্ধ করে শহরে যাতায়াত করছেন। টোটো চালকরা ট্রাফিক আইন অমান্য করে বিপদ ডেকে আনছেন। সাধারণ মানুষ প্রায় প্রতিদিন দুর্ঘটনার কবলে পড়ছেন। গাড়ির হেডলাইট বন্ধ থাকায় মোটরবাইক, ছোটগাড়ির  চালকরা বা পথচারীরা টোটোর গতিবিধি আন্দাজ করতে পারছেন না। ফলে দুর্ঘটনা ঘটছে। এক বাইক চালক বলেন, পুজোর সময় মণ্ডপে মণ্ডপে আলো জ্বলে উঠেছে। সেই আলো চোখে পড়ায় হেডলাইট বন্ধ করা টোটো দাঁড়িয়ে রয়েছে না এগিয়ে আসছে বোঝা যাচ্ছে না। ফলে দুর্ঘটনা ঘটছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার ট্রাফিক পুলিশের এক আধিকারিক বলেন, আমাদের নজরে এসেছে। রাস্তায় চলাচলের সময় হেডলাইট বন্ধ থাকলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

Advertisement

বহরমপুর শহরে দুর্গা পুজোর উৎসব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বহু পুজোর উদ্বোধনও হয়ে গিয়েছে। রাস্তায় আলো ঝলমল করছে। শহরের রাজপথ, অলিগলিতে ভিড় বাড়তে শুরু করেছে। অভিযোগ, এখনও যান নিয়ন্ত্রণে পুলিশ পথে নামেনি। এরই মধ্যে টোটো চালকদের ব্যাটারি বাঁচানোর প্রবণতায় দুর্ঘটনা বাড়ছে। চুয়াপুর এলাকার বাসিন্দা রাজীব শীল বলেন, গত মঙ্গলবার রাতে কদমতলায় টোটোর সঙ্গে আমার ধাক্কা লাগে। বাইক থেকে পড়ে গিয়ে হাঁটুতে চোট পেয়েছি। পুজোর সময় পুলিশের নজর দেওয়া উচিত। ওইদিনই গোরাবাজার শ্মশান এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছিলেন সাইকেল চালক বিজয় রজক। তিনি বলেন, রাতে দোকান বন্ধ করে সাইকেলে বাড়ি ফিরছিলাম। লাইট বন্ধ করে টোটো এগিয়ে আসছিল। বুঝতে পারিনি। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছি। তবে কিছু টোটো চালকের যুক্তি, উৎসবের মরশুমে চার্জ দেওয়ার সময় পাওয়া যায় না। এই সময় সবাই দু’টো বেশি পয়সা রোজগারের আশায় থাকে। তাই আলো নিভিয়ে ব্যাটারি বাঁচাতে চাইছে। তাতে যাত্রী নিয়ে যাতায়াত করতে কোনো সমস্যা হয় না।