নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: রাস্তার অবস্থা খুব খারাপ। বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। সমস্যায় জর্জরিত টোটো চালকরা টাকা তুলে নিজেরাই রাস্তা মেরামতের উদ্যোগ নিলেন। ঘটনাটি পানিহাটিতে ঈশ্বর চ্যাটার্জি রোডের। সেটি ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানকার কাউন্সিলার হলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। তিনি একাধিক মামলায় অভিযুক্ত। বর্তমানে পুলিশ হেপাজতে আছেন। নির্বাচনে পানিহাটি বিধানসভা থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। রত্না দেবনাথের কাছে হেরে যান।
ঘটনাটি অভিনব। শনিবার স্থানীয় বাসিন্দারা টোটো চালকদের এই উদ্যোগের কথা শুনে কাজ দেখতে চলে আসেন। তাঁদের অনেকের বক্তব্য, সরকারি রাস্তা ব্যক্তিগত উদ্যোগে যে মেরামত করা যায়, তার উদাহরণ হয়ে রইল পানিহাটি। এই কাজের জন্য টোটো চালকদের ধন্যবাদ জানান পানিহাটির উপ পুরপ্রধান সুভাষ চক্রবর্তী। পাশাপাশি পুর পরিষেবা ঠিকমতো না দিতে পারার জন্য ক্ষমাও চান। বলেন, ‘ভোটের আগে এই রাস্তাটি সারাই করা হবে বলে ঠিক হয়েছিল। কিন্তু নির্বাচনি বিধি থাকার জন্য কাজ করা যায়নি।’ বিজেপি নেতা মলয় চক্রবর্তী বলেন, ‘তৃণমূলের কাজ করার কোনো ইচ্ছাই ছিল না। লক্ষ্য ছিল কিভাবে দূর্নীতি করবে?’ বিটি রোডের সঙ্গে সোদপুর স্টেশন সংযোগকারী এই রাস্তাটি মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজা রোড থেকে এই রাস্তা ধরে সোজা সোদপুর স্টেশন যাওয়া যায়। তা মেরামত করার জন্য বারবার পানিহাটি পুরসভা, বিধায়ক ও প্রশাসনকে জানিয়েছিল মানুষ। কিন্তু লাভ হয়নি। বর্তমানে রাজ্যে বিজেপি সরকার। তারাও উদ্যোগ নেয়নি। এই রাস্তায় প্রতিদিন ১০০টির মতো টোটো চলে। নিজেদের স্বার্থেই চালকরা পকেটের টাকা খরচা করে রাস্তা মেরামতের কাজ শুরু করলেন।