Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ফেলে পালাল চালক, রেল লাইনে ট্রেনের ধাক্কায় দুমড়ে গেল টোটো

সোনারপুরের পর কাকদ্বীপ। রেল লাইন পারাপার করতে গিয়ে আটকে গেল টোটো। ট্রেন আসছে দেখে কোনওমতে নেমে পালায় চালক। কিন্তু ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় টোটটি।

ফেলে পালাল চালক, রেল লাইনে ট্রেনের ধাক্কায় দুমড়ে গেল টোটো
  • ২৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুরের পর কাকদ্বীপ। রেল লাইন পারাপার করতে গিয়ে আটকে গেল টোটো। ট্রেন আসছে দেখে কোনওমতে নেমে পালায় চালক। কিন্তু ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় টোটটি। রবিবার বিকেলে কাকদ্বীপ ও উকিলের হাট স্টেশনের মাঝে ঘটেছে এই ঘটনা। যার জেরে কিছুক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় টোটোটিকে ট্রেনের নীচ থেকে বের করে আনা হয়। এরপর শুরু হয় ট্রেন চলাচল। 

Advertisement

রবিবার বিকেলে নামখানা শিয়ালদহ ডাউন লোকাল উকিলের হাট ছেড়ে যাচ্ছিল। একটি টোটো ভুবননগরের দিকে যাচ্ছিল। রেল লাইন টপকে ওপারে যাওয়ার পরিকল্পনা করেছিলেন চালক। একটি খেলার মাঠ দিয়ে গিয়ে রেল লাইনে উঠতেই বিপত্তি হয়। টোটোর চাকা আটকে যায় লাইনে। শত চেষ্টা করেও চালক টোটো নিয়ে এগতে পারেননি। তখনই ট্রেনের হর্ন কানে আসে তাঁর। ট্রেন কাছাকাছি আসতেই টোটো থেকে নেমে সরে যান তিনি। কিন্তু ট্রেনের যা গতি ছিল তাতে দুর্ঘটনা এড়ানো যায়নি। শব্দ পেয়ে এলাকার লোকজন ছুটে আসেন। তাঁরা বলেন, টোটোতে কোনও যাত্রী ছিলেন না বলে বড় ধরনের ক্ষতি হয়নি। অবস্থা বেগতিক বুঝে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান টোটো চালক। এই প্রসঙ্গে রেলের বক্তব্য, বারবার সাধারণ মানুষকে এভাবে লাইন পারাপার করার ব্যাপারে সতর্ক করা হচ্ছে। তবুও অনেকে তা মানছেন না। কাকদ্বীপের এই ঘটনা তারই প্রমাণ। এমন কিছু করতে গিয়ে ধরা পড়লে জেল ও জরিমানা হতে পারে। তবে রেল সূত্রে খবর, ওই টোটো চালকের বিরুদ্ধে এখনও কোনও অভিযোগ করা হয়নি। 
কিছুদিন আগে সোনারপুরের বিদ্যাধরপুর স্টেশনের কাছে লাইন পারাপার করতে গিয়ে বাইক ফেলে পালিয়ে গিয়েছিলেন এক যুবক। পরে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে হয়েছিল এবং পরে গ্রেপ্তারও করা হয় ওই অভিযুক্তকে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ