Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

গরমে পানীয় জলের সংকট উত্তরাখণ্ডে প্রতিবাদে মশাল মিছিল দেবপ্রয়াগের গ্রামে, ইন্দোরে প্রতি ট্যাঙ্কারের দাম ১৮০০ টাকা

তীব্র গরমে পানীয় জলের সংকটে ভুগছে ভারতের বিস্তীর্ণ এলাকা। কিছুদিন আগেই গুজরাতের গ্রামে তীব্র জলকষ্টের ছবি সামনে এসেছিল।

গরমে পানীয় জলের সংকট উত্তরাখণ্ডে প্রতিবাদে মশাল মিছিল দেবপ্রয়াগের গ্রামে, ইন্দোরে প্রতি ট্যাঙ্কারের দাম ১৮০০ টাকা
  • ৩১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দেরাদুন ও ইন্দোর: তীব্র গরমে পানীয় জলের সংকটে ভুগছে ভারতের বিস্তীর্ণ এলাকা। কিছুদিন আগেই গুজরাতের গ্রামে তীব্র জলকষ্টের ছবি সামনে এসেছিল। এবার পানীয় জলের দাবিতে পথে নামলেন উত্তরাখণ্ডের দেবপ্রয়াগ অঞ্চলের হিনসারিয়াখাল গ্রামের বাসিন্দারা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল নিয়ে মিছিল করেন গ্রামের বাসিন্দারা। নেতৃত্বে ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা দেবপ্রয়াগ কংগ্রেস কমিটির জেলা সভাপতি উত্তম সিং ওসওয়াল। মজার বিষয় হল, দেবপ্রয়াগেই অলকানন্দা ও ভাগীরথী মিশে গঙ্গা নদীর উত্পত্তি হয়েছে। শুধু তাই নয়, পুরো উত্তরাখণ্ডজুড়েই এক ডজনের বেশি বড়ো ও ছোটো নদী বয়ে গিয়েছে। অথচ হিনসারিয়াখালের বাসিন্দাদের অভিযোগ, দিনের পর দিন ধরে তাঁরা পরিস্রুত পানীয় জল পান না। অথচ, স্থানীয় প্রশাসন বা রাজ্য সরকারের সব কিছু জানার পরেও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না।

Advertisement

কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, এবার বেনজির গরম পড়েছে হিমালয় সংলগ্ন এই রাজ্যে। গত দু’সপ্তাহে দেরাদুন শহরের তাপমাত্রা বেশ কয়েকবার ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে ২৪ মে পর্যন্ত উত্তরাখণ্ডে ৩৭৫টি দাবানলের ঘটনা ঘটেছে। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩২০ হেক্টর জমি। এরমধ্যে উত্তরাখণ্ডের তীব্র জলসংকট নিয়ে সরব আম আদমি পার্টিও। হিনসারিয়াখাল গ্রামের মিছিলের ভিডিয়ো শেয়ার করে তাদের অভিযোগ, বিজেপি সরকার ঘটা করে ‘হর ঘর জল’ প্রকল্পের কথা ঘোষণা করেছিল। অথচ এক ফোঁটা পানীয় জলের জন্য সাধারণ মানুষকে আন্দোলনে নামতে হচ্ছে।
এদিকে, দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর ইন্দোরে জলকষ্ট ক্রমশ বাড়ছে। স্থানীয়রা জানিয়েছেন, ১৪০০ থেকে ১৮০০ টাকা খরচ করে এক ট্যাঙ্কার জল কিনতে হচ্ছে। তাঁরা বলছেন, আগে নর্মদা নদী থেকে একদিন অন্তর জল সরবরাহ করা হত। এখন চার-পাঁচদিন অন্তর কলে জল আসে। ফলে জল কিনে খেতে বাধ্য হচ্ছেন সকলে। জলের চাহিদা বাড়ায় চাপে পড়েছেন ট্যাঙ্কার চালকরাও। তাঁদের অভিযোগ, দেরি হলেই বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। এর প্রতিবাদে বিজেপি বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখান কয়েক হাজার বাসিন্দা। ইন্দোরের মেয়র পুষ্যমিত্র ভার্গব জানান, গরমে জলের চাহিদা বেড়েছে। পুরনিগম সমস্যা মেটাতে সচেষ্ট।  

Advertisement
সম্পর্কিত সংবাদ