সংবাদদাতা, কাটোয়া : কাটোয়ায় পচা কুমড়ো দিয়ে তৈরি টম্যাটো সসই দেদার বিকোচ্ছে। বাড়ির ভিতরেই কারখানা করে আজিনা মোটো মিশিয়ে তৈরি হচ্ছে নকল টম্যাটো সস৷ এর মধ্যে টম্যাটোর ছিটেফোঁটা নেই! শুধু ফ্লেভার মেশানো থাকে। শহর থেকে গ্রামে নকল এই টম্যাটো সস বোতলবন্দি হয়ে ছড়িয়ে পড়ছে। কাটোয়ার পানুহাটে একটি কারখানায় হানা দিয়ে নোটিস ধরিয়েছে ফুড সেফটি বিভাগের অফিসাররা৷
এক অফিসার জানান, পচা কুমড়ো দিয়ে টম্যাটো সস তৈরি হচ্ছে৷ তাও আবার গ্রেভি তৈরির জন্য মাত্রারিক্ত আজিনা মোটো। কাটোয়ার পানুহাটে একটি বাড়িতে হানা দিয়ে নকল টম্যাটো সস তৈরির কারখানার হদিশ পান ফুড সেফটি অফিসাররা৷ সেখানে গিয়ে তাঁরা রীতিমতো স্তম্ভিত হয়ে যান৷ ঘরে মজুত রয়েছে প্রচুর পচা দূর্গন্ধযুক্ত কুমড়ো৷ সেগুলিকেই নাকি সেদ্ধ করে তাতে নানা কেমিক্যাল মিশিয়ে টম্যাটো সস তৈরি হয়৷ টম্যাটোর ফ্লেভার থাকে শুধু৷ ওই কারখানায় হানা দিয়ে আজিনা মোটোর প্রচুর প্যাকেট পান অফিসাররা৷ অতিরিক্ত পরিমাণে আজিনামোটো শরীরে গেলে তার ফল মারাত্মক হতে পারে বকে চিকিৎসকরা জানিয়েছেন। কাটোয়া শহরে ন্যাশনাল পাড়াতেও এরকম একটি কুমড়ো দিয়ে নকল সস তৈরির কারখানা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ ওই সস তৈরির মালিককে একাধিকবার জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা গ্রেপ্তার করেছিল৷ তারপরেও বন্ধ হয়নি ওই কারখানা৷ রমরমিয়ে কারখানা চলছে৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, এই সস্তার সস শহরের রেস্তোরাঁ থেকে গ্রামের ছোটখাটো হোটেল এমনকী, বিভিন্ন গ্রামীণ মেলাগুলিতে সাপ্লাই যায়৷ একটা বড়ো অংশের মানুষকে এই ধরনের নকল টম্যাটো সস খেতে একপ্রকার বাধ্য করা হয়৷
স্থানীয়রা বলছেন, জেলা প্রশাসন এই ধরনের নকল কারখানার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক৷ তা না হলে মানুষের শরীরে বিষ ঢুকবে।
পানুহাটের ওই বাড়িতে বেশ কয়েক বছর ধরে কুমড়ো দিয়ে নকল টম্যাটো সস তৈরির কারখানা গজিয়ে উঠেছে৷ প্রকাশ্যেই সেখানে সস তৈরি হয়৷ দূর্গন্ধে আশেপাশের বাড়ির লোকজন টিকতে পারেন না বলে অভিযোগ৷ অস্বাস্থ্যকর পরিবেশে এই ধরনের নকল সস বাজার ছেয়ে গিয়েছে৷ স্থানীয় মানুষ চাইছেন, এই ধরনের নকল কারখানা বন্ধ হোক। মানুষেরই মঙ্গল হবে।