Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার টোল ট্যাক্স বসছে রাজ্য সড়কে

নবান্ন রাজ্য সড়কে টোল ট্যাক্স বসানোর সিদ্ধান্ত নিয়েছে। বছরে ৭০০ থেকে ৯০০ কোটি টাকার রাজস্ব আশা করছে সরকার। বিস্তারিত পড়ুন।

এবার টোল ট্যাক্স বসছে রাজ্য সড়কে
  • ২৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্রীতেশ বসু, কলকাতা: এবার রাজ্য সড়ক ব্যবহার করলেও গুনতে হবে গাঁটের কড়ি! কারণ, স্টেট হাইওয়েতে যাতায়াতের জন্য টোল আদায় করতে চলেছে নবান্ন। পূর্বতন সরকারের আমলে এনিয়ে একাধিকবার তোড়জোড় হলেও ‘রোড ইউজার ফি’ আদায়ের বিষয়টি কার্যকর হয়নি। নতুন সরকার ‘লিকেজ’ আটকে রাজস্ব বৃদ্ধির জন্য একের পর এক পদক্ষেপ করছে। নবান্ন সূত্রে খবর, রাজ্য সড়কে টোল আদায়ের সিদ্ধান্তও সেই লক্ষ্যেই। এর জন্য ইতিমধ্যে ছয় সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য পূর্তদপ্তর। আরও জানা গিয়েছে, জাতীয় সড়কের মতো স্টেট হাইওয়েতেও ফাস্ট্যাগের মাধ্যমে টোল আদায়ের ব্যবস্থা হবে।

Advertisement

রাজ্যে বর্তমানে স্টেট হাইওয়ের সংখ্যা ১৯। মোট দৈর্ঘ্য ৩৭৭৯ কিলোমিটার। প্রশাসনিক মহল মনে করছে, পর্যায়ক্রমে সমস্ত রাজ্য সড়কেই টোল আদায় শুরু হবে। তবে প্রাথমিকভাবে কোন  রাজ্য সড়কের কোন অংশ থেকে টোল আদায় শুরু হবে, সেই রূপরেখা ঠিক করবে এই কমিটি। অভিজ্ঞ আমলারা জানাচ্ছেন, ২০২৩ সালের মার্চে যখন রাজ্য সড়কে টোল আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছিল, তখন ডানকুনি-চন্দননগর-মগরা এবং পানাগড়-ইলামবাজারসহ বিভিন্ন রাজ্য সড়কের ২৮টি অংশের কথা ভাবা হয়েছিল। বর্তমানে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরাও সেই তালিকা সামনে রেখেই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে সূত্রের খবর। সেক্ষেত্রে এই ২৮টি জায়গা থেকেই প্রাথমিকভাবে টোল নেওয়া শুরু হতে পারে। 
টোলের হার কেমন হতে পারে? সূত্রের খবর, হালকা এবং ভারী বাণিজ্যিক গাড়িকে এক কিলোমিটারের জন্য যথাক্রমে ১ টাকা ৬৪ পয়সা এবং ১ টাকা ৯২ পয়সা টোল দিতে হবে বলে ভাবা হয়েছিল। দু’লেন নাকি চার লেনের রাস্তা, তার উপর এই অঙ্কে সামান্য হেরফের হতে পারে। একইভাবে ট্রাক এবং মাল্টি অ্যাক্সেল গাড়ির জন্য প্রতি কিলোমিটারে ৩ টাকা ৭০ পয়সা থেকে শুরু করে ৮ টাকা ৯১ পয়সা পর্যন্ত আদায়ের কথা ভাবা হয়েছিল। তবে ব্যক্তিগত গাড়িকেও টোল দিতে হবে কি না এবং বর্তমান সরকার কত টাকা টোল নির্ধারণ করবে, তা খতিয়ে দেখবে নবগঠিত কমিটি। ২২ জুলাই পূর্তদপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই কমিটিকে পশ্চিমবঙ্গ হাইওয়ে আইনের সংশোধনী এবং নির্দিষ্ট টোল পলিসির খসড়া তৈরির দায়িত্ব দিয়েছে সরকার। টোল আদায়ের মাধ্যমে রাজস্ব বৃদ্ধি এবং সড়কের যথাযথ মেরামতি নিশ্চিত করতে রাইটস, পিডব্লুসি এবং খড়্গপুর আইআইটির সহযোগিতা নেওয়ার কথা বলা হয়েছে। রাজ্য সরকারের আশা, এভাবে বছরে অন্তত ৭০০ থেকে ৯০০ কোটি টাকা পর্যন্ত রাজস্ব আদায় হতে পারে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ