সংবাদদাতা, খড়্গপুর: গণতান্ত্রিক উৎসবের দিন সুষ্ঠুভাবে পরিবহণ পরিষেবা দেওয়া যেখানে দস্তুর, সেখানে আচমকা লোকাল ট্রেন বাতিলের মতো সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশন! আজ, বুধবার রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার ভোট। আর এদিনই ২৩ জোড়া লোকাল ট্রেন বাতিল করে চরম দুর্ভোগের মধ্যে ফেলে দিল রেলমন্ত্রক। এমন সিদ্ধান্তের পিছনে কমিশনের হাত থাকার অভিযোগ তুলেছে তৃণমূল। দলের প্রার্থী তথা জেলা সভাপতি সুজয় হাজরা বলেছেন, ‘অনভিপ্রেত সিদ্ধান্ত। কেন্দ্রের বিজেপি সরকারের নির্দেশে বাংলায় একপ্রকার জরুরি অবস্থা ঘোষণা করেছে কমিশন। রেলকেও কাজে লাগিয়ে এভাবেই হেনস্তা করা হচ্ছে ভোটার ও ভোটকর্মীদের।’ বহু সংখ্যক ট্রেন বাতিলে ব্যাপক ক্ষুব্ধ ভোটকর্মীরা। যাঁরা মূলত প্রথম দফার ভোট সেরে দ্বিতীয় পর্যায়ের ভোটে অংশ নিয়েছেন। সিংহভাগের জন্যই বাসের ব্যবস্থা করা হয়নি। কোনওরকমে ট্রেনে কলকাতা সহ অন্যান্য জেলায় গিয়েছেন। কিন্তু, ফিরবেন কীভাবে? তার কোনও সদুত্তর নেই রেলমন্ত্রকের কাছে। স্বাভাবিকভাবেই ক্ষোভ উগরে দিয়েছেন ভোটকর্মীরা। পাশাপাশি, চরম দুর্ভোগে পড়তে চলেছেন নিত্যযাত্রী ও ব্যবাসায়ীরাও। আগাম ঘোষণা ছাড়াই রেলের এমন তুঘলকি সিদ্ধান্তে বেজায় চটেছেন তাঁরা।



