Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

টানা দ্বিতীয় জয় বাংলার

টানা দ্বিতীয় জয় বাংলার
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্তোষ ট্রফির গ্রুপ পর্বে জয়ের ধারা বজায় রাখল বাংলা। সোমবার স্থানীয় দল তেলেঙ্গানাকে ৩-০ গোলে হারাল সঞ্জয় সেনের ছেলেরা। ম্যাচে জোড়া গোলে নায়ক নরহরি শ্রেষ্ঠা। এছাড়া জাল কাঁপান রবি হাঁসদা। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ এ’তে শীর্ষস্থান ধরে রাখল বাংলা। গ্রুপের পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ রাজস্থান।
Advertisement
জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে জয় দিয়ে সন্তোষের মূলপর্বের অভিযান শুরু করে বাংলা। ম্যাচে ৩-০ লিড নেওয়ার পরে শেষলগ্নে এক গোল হজম করেন বিক্রম-জুয়েলরা। তাই সোমবার তেলেঙ্গানার বিরুদ্ধে জয়ের ছন্দ বজায় রাখার পাশাপাশি ক্লিনশিটের উপর জোর দিয়েছিলেন কোচ সঞ্জয় সেন। সেই মতো শুরুতে প্রতিপক্ষকে মেপে নিয়ে ক্রমশ খোলস ছেড়ে বেড়ায় বাংলা। প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৩৯ মিনিট। তেলেঙ্গানা ডিফেন্ডারদের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের মধ্যে থেকেই জাল কাঁপান রবি হাঁসদা (১-০)। সেই সঙ্গে তামিলনাড়ুর লিজোকে টপকে টুর্নামেন্টে সর্বাধিক গোলদাতার দৌড়ে শীর্ষে উঠে আসেন এই বঙ্গ ফুটবলার। এরপর প্রথমার্ধের সংযোজিত সময়ে দুরন্ত হেডে ব্যবধান বাড়ান নরহরি শ্রেষ্ঠা (২-০)। বিরতির পর চাপ বজায় রেখে তৃতীয় গোল তুলে নেয় বাংলা। রবিলাল মণ্ডলের বাড়ানো পাস ধরে আড়াআড়ি শটে জাল কাঁপান নরহরি (৩-০)।
বাংলা- ৩            :     তেলেঙ্গানা- ০
সম্পর্কিত সংবাদ