সংবাদদাতা, কাঁথি: কাঁথি-১ ব্লকের বিজেপি পরিচালিত মাজিলাপুর পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগে আন্দোলনে নামল তৃণমূল। শুক্রবার কাঁথির জুনপুটে মাজিলাপুর অঞ্চল তৃণমূলের ডাকে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি জুনপুট বাজার পরিক্রমা করে। তারপর পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ সভা করে শাসকদলের নেতারা ডেপুটেশন দিতে যান। কিন্তু পঞ্চায়েত প্রধান প্রদীপ কুণ্ডু অনুপস্থিত থাকায় সচিবের কাছে ডেপুটেশন দেওয়া হয়।কয়েকদিন আগে জুনপুটের বিরামপুট প্রাথমিক বিদ্যালয়ের ভাঙাচোরা ভবনের অতিরিক্ত ইট মন্দির তৈরির কাজে লাগানোর অভিযোগ উঠেছিল। এঘটনায় ওই এলাকার পঞ্চায়েত সদস্য তথা প্রধান প্রদীপ কুণ্ডুর বিরুদ্ধে মদতের অভিযোগ উঠেছিল। এরপর বুধবার রাতে বিরামপুরে সমুদ্রতীরবর্তী এলাকা থেকে বালি ও মাটি চুরির ঘটনাতেও প্রধানের মদতের অভিযোগ ওঠে। পঞ্চায়েত প্রধান প্রদীপবাবু বলেন, এসব অভিযোগের কোনও ভিত্তি নেই। তৃণমূল রাজনীতি করতেই মাঠে নেমে পড়েছে। আসলে শাসকদলেরই লোকজন বিভিন্ন কারবারের সঙ্গে জড়িত। নিজেদের অপকর্ম চাপা দিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তৃণমূল নেতারা এসব করছে। মিছিল ও বিক্ষোভ সভায় পঞ্চায়েত সমিতির স্থানীয় সদস্য আমিন সোহেল নেতৃত্ব দেন। তিনি বলেন, প্রধান অফিসে অনিয়মিত আসেন। তাই কর্মীদের অনেকেও দেরি করে আসেন। পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজকর্ম থমকে রয়েছে। প্রধান নানা অনিয়মেও জড়িত। আমরা বিডিওকে আগেই এনিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছি। অবস্থার পরিবর্তন না হলে আমরা আন্দোলনে নামব।



