Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা, আতঙ্ক তপনের মাগুরপুরে

তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা, আতঙ্ক তপনের মাগুরপুরে
  • ২২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তপন: তপনের মাগুরপুরে রাতের অন্ধকারে বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্যা মাহমুদা খাতুনের স্বামী তথা আইএনটিটিইউসির অঞ্চল সভাপতি আজিবুর রহমানকে লক্ষ্য করে একদল দুষ্কৃতী বোমা ছোঁড়ে। বিস্ফোরণে এলাকা কেঁপে ওঠে। যদিও অল্পে প্রাণে বেঁচে যান তিনি। ঘটনাস্থল থেকে আরও দুটি তাজা বোমা উদ্ধার হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তপন থানার পুলিস। 

Advertisement

পুলিস সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে আজিবুর বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। সে সময় আচমকা একদল দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে। বোমা ফাটার আওয়াজে স্থানীয়রা ছুটে আসতেই দুষ্কৃতীরা আরও দুটি তাজা বোমা ফেলে পালিয়ে যায়। রাতে বোমাবাজির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। হঠাত্ তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমাবাজি কেন? আজিবুর রহমানের দাবি, সম্প্রতি জমি সংক্রান্ত একটি মামলায় তিনি একজনকে সাহায্য করেছিলেন। সেই কারণেই হয়তো দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। শুক্রবার তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আজিবুর।
বোমাবাজির ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এবিষয়ে পুলিস সুপার চিন্ময় মিত্তাল বলেন, পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
আজিবুর বলেন, আমি দিন পনেরো আগে জমি সংক্রান্ত বিষয়ে এক ব্যক্তিকে সহযোগিতা করতে গেলে আমার উপর বিপক্ষের লোকজন চড়াও হয়। আমাকে সেদিন মারধর করা হলেও থানায় অভিযোগ করিনি। বৃহস্পতিবার বিকেলে আমাদের নতুন বাড়িতে ছেলেকে নিয়ে কাজ করার সময় একজন এসে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। পরে সন্ধ্যায় মাগুরপুর বাজারে চায়ের দোকানে গেলে আমাকে লক্ষ্য করে একটি বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। কিছুটা দূরে বোমাটি পড়ায় অল্পের জন্য বেঁচে যাই।
 বধূর অস্বাভাবিক মৃত্যু: এক বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিস জানিয়েছে, মৃতার নাম সোমা বর্মন (২৩)। বাড়ি বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের সোবরা শ্যামপুরে। পরিবার সূত্রে খবর, ওই বধূ দুই বছর আগে বিয়ে করেছিলেন।  স্বামী বর্তমানে ভিনরাজ্যে রয়েছেন। বৃহস্পতিবার সকালে বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগেই গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মঘাতী হন। তবে কী কারণে তিনি আত্মঘাতী হলেন তা নিয়ে ধোঁয়াশায় পরিবার। বালুরঘাট থানার পুলিস জানিয়েছে, দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ