Bartaman Logo
৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বাড়ি বাড়ি উন্নয়নের লিফলেট, ‘ঘরের মেয়ে মমতা’ স্লোগানেই স্ট্র্যাটেজি সাজাচ্ছে তৃণমূল

২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে তৃণমূল স্লোগান দিয়েছিল, ‘বাংলা নিজের মেয়েকেই চায়।’ সেই সুরেই গলা মিলিয়েছিল গোটা রাজ্য।

বাড়ি বাড়ি উন্নয়নের লিফলেট, ‘ঘরের মেয়ে মমতা’ স্লোগানেই স্ট্র্যাটেজি সাজাচ্ছে তৃণমূল
  • ২০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে তৃণমূল স্লোগান দিয়েছিল, ‘বাংলা নিজের মেয়েকেই চায়।’ সেই সুরেই গলা মিলিয়েছিল গোটা রাজ্য। আর এবার ভবানীপুরে বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করার শপথ নিয়ে তৃণমূল আওয়াজ তুলেছে, ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে।’

Advertisement

গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি জয়ী হয়েছিলেন ২৮ হাজার ৭১৯ ভোটে। পরে ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হন। তাঁর ব্যবধান ছিল ৫৮ হাজার ৮৩৫। এই মার্জিন বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে ছাব্বিশের ভোটযুদ্ধে নেমেছেন তৃণমূলের নেতা-কর্মীরা। তার আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হল বৃহস্পতিবার। এদিন ভবানীপুরে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির দলীয় কার্যালয়ে এই বিধানসভা কেন্দ্রিক একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। যেখানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, জয় হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায় ও ভবানীপুর বিধানসভা এলাকার তৃণমূল কাউন্সিলাররা। ভবানীপুরে তৃণমূলের ভোট স্ট্র্যাটেজি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দলীয় সূত্রে খবর, ফিরহাদ হাকিমের ফোনে ফোন করে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে মঙ্গলবার প্রার্থী তালিকার প্রকাশের দিনে মমতা সাফ জানিয়ে দিয়েছিলেন, ‘বিজেপির মতো শুধু ভোটের সময় আমরা আসি না। ভবানীপুরের মানুষের পাশে আমি সারা বছর থাকি। ৩৬৫দিন মানুষের জন্য কাজ করি। সেটাই করে যেতে হবে। লাগাতার। আমার আত্মবিশ্বাস রয়েছে, মানুষ আমাদের পাশেই আরও বেশি করে থাকবেন।’ 
দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিনের বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে ভবানীপুর কেন্দ্রের প্রচার কর্মসূচি নিয়ে। এই বিধানসভার প্রত্যেকটি ওয়ার্ডে কর্মিসভা হবে। তারপর পথসভা, মিছিল, বড় জমায়েত ধাপে ধাপে হবে। তার আগে বাড়ি বাড়ি প্রচারের উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। প্রত্যেক বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করবেন তৃণমূলের নেতা-কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের তথ্য ও পরিসংখ্যান তুলে ধরে বাড়ি বাড়ি লিফলেট বিলি করা হবে। মূল মন্ত্র একটাই, ‘ঘরের মেয়ে মমতা’। 
ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ৪০ হাজারের উপর মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। তারপরও তৃণমূল নেতৃত্বের দাবি, অতীতের সব মার্জিন ছাপিয়ে রেকর্ড ব্যবধানে এবার জিতবেন মমতা। অন্যদিকে তৃণমূল কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, বিজেপির প্ররোচনায় কেউ পা দেবেন না। বরং বিরোধীদের উসকানিতে কোনো গুরুত্ব না দিয়ে দলের প্রচার কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং মানুষের সঙ্গে সংযোগকে আরও বাড়ানোর উপর নজর দিয়েছে তৃণমূল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ