সংবাদদাতা, কাটোয়া: দাঁইহাট পুরসভায় অনাস্থা প্রস্তাব তুলে নেওয়া হল। যে ৮ কাউন্সিলার অনাস্থা এনেছিলেন, তাঁরা শুক্রবার সন্ধেয় কাটোয়া মহকুমা শাসকের দপ্তরে গিয়ে তাঁরা অনাস্থা তুলে নেওয়ার আবেদন জমা করেন। রাজ্যের নির্দেশে মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে নিয়ে বৈঠকের পরেই ভাইস চেয়ারম্যান সহ আট কাউন্সিলার অনাস্থা প্রস্তাব তুলে নিতে রাজি হন।
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, নিজেদের মধ্যে একটু মনোমানিল্য হয়েছিল, এখন সব মিটে গিয়েছে। সামনেই বিধানসভা নির্বাচন। সকলকে একসঙ্গে চলতে হবে। বাকি তিন কাউন্সিলারও অনাস্থা প্রস্তাব তুলে নেবেন।
জানা গিয়েছে, এদিন বিকেলে দাঁইহাট শহরে ইন্দ্রানী লজের কাছে একটা বাড়িতে বৈঠক হয়। সেখানে ভাইস চেয়ারম্যান অজিত বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমানে কাউন্সিলার শিশির মণ্ডল সহ বেশ কয়েকজন বিক্ষুব্ধ কাউন্সিলারকে ডাকা হয়। ওই বৈঠকে ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তাঁরা দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠকের পরেই ৮ কাউন্সিলারের সই করা আবেদনপত্র নিয়ে মহকুমা শাসকের দপ্তরে যান ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলার শিশির মণ্ডল। ভাইস চেয়ারম্যান বলেন, সামনেই নির্বাচন। আপাতত আমরা অনাস্থা প্রস্তাব তুলে নিলাম। বাকি ৩ কাউন্সিলার দাঁইহাট শহরে নেই। তবে তাঁরাও তুলে নেবেন বলে কথা হয়েছে। এদিন জেলা সভাপতি বলেন, মনোমানিল্য হয়েছিল, সব এখন মিটে গিয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার পুরসভার এগজিকিউটিভ অফিসারের হাতে ভাইস চেয়ারম্যান সহ ১১ জন বিক্ষুব্ধ কাউন্সিলার অনাস্থা প্রস্তাব জমা দেন। তারপরেই দাঁইহাটের রাজনীতিতে শোরগোল পড়ে যায়। একদিন আগেই অনাস্থা প্রস্তাব তুলে নিতে রাজি হন ভাইস চেয়ারম্যান। তারপরেই দলের সমন্বয় বৈঠক নিয়ে তোড়জোড় শুরু হয়। এখন স্বস্তির ছাপ দলে।