


সুকান্ত গঙ্গোপাধ্যায়, কোচবিহার: জয়ের পর তুফানগঞ্জের সার্বিক উন্নয়নের পাশাপাশি কলকাতায় নর্থবেঙ্গল স্পোর্টস হস্টেল বানানো স্বপ্ন তৃণমূল কংগ্রেস প্রার্থী তারকা ক্রিকেটার শিবশংকর পালের (ম্যাকো)। সেই সঙ্গে জালধোয়া সেতু নির্মাণের উদ্যোগও নেবেন তিনি। তুফানগঞ্জ আসনে তৃণমূল প্রার্থী হিসাবে শিবশংকর পালের নাম ঘোষণা হতেই কলকাতা থেকে নিজেই ৮০০ কিমি গাড়ি চালিয়ে বুধবার কোচবিহারে চলে এসেছেন এই প্রাক্তন ক্রিকেটার। এরপর এখান থেকে তুফানগঞ্জে।
তুফানগঞ্জের মদনমোহন পাড়ায় তাঁর পরিবারের সদস্যরা এখনও থাকেন। এখানকার মহারাজা নৃপেন্দ্রনারায়ণ হাইস্কুলেই তাঁর পড়াশোনো। এখানেই খেলাধুলোর হাতেখড়ি। তাই তুফানগঞ্জের সঙ্গে তাঁর আত্মিক যোগাযোগ। এবার সেই জায়গা থেকে রাজ্যের শাসকদলের প্রার্থী হতে পেরে অত্যন্ত খুশি তিনি। এর আগে ভারতীয় ক্রিকেটের জন্য দর্শক ভর্তি স্টেডিয়ামে বাইশ গজে লড়াই করেছেন। এবারের লড়াই অনেকটাই আলাদা। রাজনীতির ময়দান তাঁর পরিচিত সেভাবে নেই। এখানে তাঁর প্রতিপক্ষ দুঁদে রাজনৈতিক নেত্রী বিজেপির মালতী রাভা রায়। উনি তুফানগঞ্জের বর্তমান বিধায়ক। তাঁকে টেক্কা দিয়ে তুফানগঞ্জে লড়াই করতে হবে এই ক্রিকেটারকে। তবে রাজ্য সরকারের উন্নয়নকে হাতিয়ার করে, দলীয় কর্মীদের সঙ্গে নিয়েই তিনি বাইশ গজ ছেড়ে এবার নির্বাচনী লড়াইয়ের ময়দানে নেমে পড়লেন।
এদিন দুপুরে কোচবিহারে জেলা তৃণমূল পার্টি অফিসে আসেন শিবশংকর। জেলা নেতৃত্বের সঙ্গে দলের প্রার্থীদের বৈঠকেও অংশ নেন তিনি। শিবশংকর বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দিয়েছেন তা পূরণ করার চেষ্টা করব। তুফানগঞ্জ থেকে আমার যাত্রা শুরু। কিছু করব বলেই এখানে এসেছি। সারা রাত গাড়ি চালিয়ে ৮০০ কিমি রাস্তা পেরিয়ে এসেছি। এরপর তাঁর সংযোজন, আমি জানি গ্রামের ছেলেদের পক্ষে কলকাতায় গিয়ে কিছু করাটা কতটা কঠিন। তাই এখানকার সার্বিক উন্নয়নের পাশাপাশি ছেলেমেয়েদের জন্য কলকাতায় একটা স্পোর্টস হস্টেল করার ইচ্ছে আছে।
কথা বলতে বলতে হঠাৎই স্মৃতির অতলে ডুবে যান তিনি। ছোটবেলার দিনগুলিতে তুফানগঞ্জে কাটানো সময়গুলি যেন ভেসে উঠছিল তাঁর মনে। শৈশবে হাফপ্যান্ট পরে ক্রিকেট খেলা, স্কুল, খাওয়াদাওয়ার বহু স্মৃতি মনে ভিড় করছিল। এবার সেই জায়গা থেকেই নির্বাচনের প্রার্থী হয়ে আসতে পেরে অত্যন্ত খুশি দেখায় তাঁকে। সব জায়গা চিনে নেওয়া ও সকলকে সঙ্গে নিয়েই নির্বাচনী লড়াইয়ের ময়দানে নামতে চলেছেন তিনি। • শিবশংকর পাল।