Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিধানসভার প্রস্তুতি: নওদায় দেওয়াল দখল শুরু তৃণমূলের

বিধানসভার প্রস্তুতি: নওদায় দেওয়াল দখল শুরু তৃণমূলের
  • ১০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: আগামী বছর বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই শাসকদল সংগঠন মজবুত করার প্রস্তুতি শুরু করেছে। তবে, দেড় বছর আগে থেকে দেওয়াল দখল শুরু করে কার্যত অবাক করে দিয়েছেন মুর্শিদাবাদের নওদার তৃণমূল নেতৃত্ব। এই ব্লকের চাঁদপুর অঞ্চল থেকে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে সেই কাজ শুরু করা হয়েছে। রবিবার সকালে ব্লক সভাপতি সফিউজ্জামান শেখ সহ অন্যান্য নেতৃত্ব রঙের বালতি হাতে পথে নেমে পড়েন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন কোন মাসে হবে তা ঠিক হয়নি। তবে, এখন থেকেই দেওয়াল দখল করতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূলের নেতারা। এই ব্লকে একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। গত লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে ভোট করতে মাঠে নামেন ব্লক তৃণমূলের নেতারা। জয়ী হন ইউসুফ। এই ফলাফলের জেরে জেলার নেতারা ব্লক সভাপতির ভূমিকা নিয়ে বেশ প্রশংসা করেন। প্রচুর কর্মী-সমর্থক উৎসাহের সঙ্গে এদিন বেশ কয়েকটি দেওয়াল দখল করে। সফিউজ্জামান বলেন, আমাদের জেলায় তো বটেই এমনকী, গোটা রাজ্যে, এই প্রথম বিধানসভা নির্বাচনের জন্য দেওয়াল দখল শুরু হয়। আমরা এদিন চাঁদপুর পঞ্চায়েতের প্রধান বড় বড় দেওয়ালগুলি আমাদের প্রার্থীর জন্য দখল করছি। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ব্লকে প্রতিদিনই রাস্তা, আলো, পানীয় জল, কালভার্ট তৈরির কাজের শিলান্যাস হচ্ছে। নতুন রাস্তার কাজ শেষ করে সেগুলি দ্রুত মানুষের ব্যবহারের জন্য চালু করা হচ্ছে। ১০টি গ্রাম পঞ্চায়েতের মানুষ আমাদের সঙ্গে আছে। যদিও বহরমপুর সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক লাল্টু দাস বলেন, যারা এখন রং-তুলি নিয়ে দেওয়াল দখল করছে তাদের আগামী দিনে চাকরি থাকে কি না সেটাই দেখার। লোকসভা নির্বাচনে মানুষকে ভয় দেখিয়ে আটকিয়ে ভোট নিজেদের দিকে ধরে রেখেছিল ওখানকার তৃণমূল নেতৃত্ব। এবার স্বচ্ছভাবে ভোট হলে ওদের অবস্থা খারাপ হবে। সেই ভয়ে আগেভাগে দেওয়াল দখল করে রাখছে। যারা মানুষের মন থেকে হারিয়ে যায়, তারাই দেওয়ালে থাকতে চায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ