Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দোল উৎসবে জনসংযোগে নামবে ঘাসফুল, পদ্ম শিবির

দোল উৎসবে জনসংযোগে নামবে ঘাসফুল, পদ্ম শিবির
  • ১৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: বছর গড়ালেই নির্বাচন। তাই এখন থেকে জনসংযোগে জোর দিচ্ছে তৃণমূল ও বিজেপি শিবির। দোল উৎসবকে ঘিরে বেশকিছু কর্মসূচি নিয়েছে দুই দলই।

Advertisement

বুথস্তরে ভোটার তালিকা যাচাইয়ের মাধ্যমে জনসংযোগ শুরু করেছে তৃণমূল। সেই ধারা অব্যাহত রাখতেই এবার দোল উৎসবকে বাড়তি গুরুত্ব দিচ্ছে শাসক দল।  ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর উদ্যোগে ‘বসন্ত উৎসব ২০২৫’ আয়োজিত হতে চলেছে। উৎসব উপলক্ষে শুক্রবার শহরের বিভিন্ন প্রান্ত থেকে শোভাযাত্রা বের হবে। শহর প্রদক্ষিণ করে সমস্ত শোভাযাত্রা মিলিত হবে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে। এরপর সেখানে নাচ, গান, আবৃত্তি সহ হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। কৃষ্ণেন্দুও একটি শোভাযাত্রায় পা মেলাবেন। সেই শোভাযাত্রা শুরু হবে শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড় থেকে। বিধানসভা নির্বাচনের আগে এই দোল উৎসব কি জনসংযোগে পরিণত হতে চলেছে? কৃষ্ণেন্দু বলেন, দোল উৎসব অবশ্যই জনসংযোগের অন্যতম মাধ্যম। শুধু তাই নয়, আমাদের শীতকালীন কার্নিভালে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। ওটাও একটা জনসংযোগের মাধ্যম ছিল। মহিলা জাতীয় ফুটবল বা বেঙ্গল ওলিম্পিক্সের আসরও জনসংযোগের সুযোগ করে দেবে। এছাড়া ইংলিশবাজার পুরসভার আরও বেশ কয়েকজন তৃণমূল কাউন্সিলার দোল উৎসবের আয়োজন করছেন। পিছিয়ে নেই বিজেপিও। তারা শহরে দুটি আলাদা আলাদা দোল উৎসবের আয়োজন করতে চলেছে। বিজেপি নেতা ও ইংলিশবাজার পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অম্লান ভাদুড়ি জানান, শহরের মালদহের উঠোনে একটি অনুষ্ঠান করা হবে। আরেকটি অনুষ্ঠান হবে জেলা পার্টি অফিসে। 
এ প্রসঙ্গে অম্লানের মন্তব্য, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে দোল উৎসব আমাদের একটা মাধ্যম। সবার সঙ্গে দেখা হয়। অনেকের সঙ্গে নতুন করে পরিচিতি হয়। উত্সবের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাঁদের সঙ্গে মিশে যেতে পারি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ