বেঙ্গালুরু: দলীপ ট্রফির সেমি-ফাইনালে উত্তরাঞ্চলের বিরুদ্ধে দক্ষিণাঞ্চলের জয়ের নায়ক তিলক ভার্মা। প্রথম ইনিংসে অপরাজিত ১১৬-র পর দ্বিতীয় ইনিংসে তিনি নট আউট থাকেন ৫১ রানে। লাল বলের ক্রিকেটে যা তিলকের প্রতিভার পরিচয় রাখছে। স্বয়ং তিনিও টেস্ট খেলতে মরিয়া। দক্ষিণাঞ্চল ক্যাপ্টেনের কথায়, ‘লাল বলের ক্রিকেট খেলতে বরাবর ভালোবাসি। ভারতের হয়ে সাদা বলের ফরম্যাটে মাঠে নামব, এই স্বপ্নটা কখনও দেখিনি। এটা একেবারেই উপরওয়ালার পরিকল্পনা। তবে টি-২০ এবং একদিনের ক্রিকেটে যতই দেশের প্রতিনিধিত্ব করি, লাল বলেই আমি বেশি স্বচ্ছন্দ। এটাই আমার শক্তির জায়গা।’
গত তিন বছরে টিম ইন্ডিয়ার হয়ে কুড়ি ওভারের ঘরানায় ৫৩টি ম্যাচ খেলেছেন হায়দরাবাদি ব্যাটার। নেমেছেন ৫টি একদিনের ম্যাচেও। তবে সময় পেলেই লাল বলের ফরম্যাটের জন্য প্রস্তুতি নিয়েছেন। তিলকের কথায়, ‘১০ বছর বয়স থেকেই লাল বলে খেলে আসছি। আইপিএলের সুবাদে সাদা বলের ফরম্যাটে জাতীয় দলে সুযোগ মিলেছে। তারই মধ্যে লাল বলের জন্য নিজেকে তৈরি রেখেছি। টেস্ট ক্রিকেটকে ভালোবাসি। এটা আমার রক্তেই রয়েছে।’ তবে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য যথেষ্ট পরিমাণে ঘরোয়া আসরে নামতে না পারার যন্ত্রণা রয়েছে তিলকের। তাঁর মতে, ‘এখন টি-২০ এবং ওডিআই দলে রয়েছি। তাই গত ৩-৪ বছরে ঘরোয়া আসরে লাল বলের ক্রিকেটে বেশি খেলতে পারিনি। ঠাসা আন্তর্জাতিক সূচির জন্য সময়ই মেলেনি। তবে আমার লক্ষ্য এই আসরে বড়ো রান করা। তাহলেই টেস্ট স্কোয়াডে আসা সম্ভব।’
দলীপ ট্রফির ফাইনালে তিলকের খেলা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। কারণ, আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু ১৩ সেপ্টেম্বর। অন্যদিকে, দলীপের ফাইনাল শুরু ৬ সেপ্টেম্বর। তা চলবে ১০ তারিখ পর্যন্ত। তিলক বলেছেন, ‘আমি ফাইনাল খেলতে চাই। আমি যদি ১১ তারিখও দলের সঙ্গে যোগ দিই, তাহলে ম্যাচের আগে একদিন সময় পাচ্ছি। সেক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয়। এবার ব্যাপারটা সম্পূর্ণ নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের হাতে।’