মুম্বই: টি-২০ বিশ্বকাপের আগে মাঠে ফিরলেন তিলক ভার্মা। ব্যাট হাতে ছন্দেই দেখা গেল চোট সারিয়ে ওঠা বাঁ-হাতিকে। সোমবার নভি মুম্বইয়ে আমেরিকার বিরুদ্ধে ভারত ‘এ’ দলের হয়ে গা-ঘামানো ম্যাচে ২৪ বলে ৩৮ করলেন তিনি। তিলকের প্রত্যাবর্তন আসন্ন কাপযুদ্ধে শক্তি বাড়াবে সূর্যকুমার যাদব ব্রিগেডের। সেইসঙ্গে প্রথম এগারো নিয়ে জটিলতাও বাড়াল। কারণ তিনি অবধারিতভাবে নামবেন তিন নম্বরে। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজে ওই পজিশনে নেমে দারুণ নজর কেড়েছেন ঈশান কিষান। ফলে তাঁকে বাইরে রাখা কঠিন। এই অবস্থায় অভিষেক শর্মার সঙ্গী ওপেনার হিসেবে তুলে আনা হতে পারে ঈশানকে। সেক্ষেত্রে সঞ্জু স্যামসনের ঠিকানা হবে ডাগ আউটে। উল্লেখ্য, জানুয়ারির গোড়ায় অস্ত্রোপচার হয় তিলকের। রবিবারই তাঁকে প্রতিযোগিতা মূলক ক্রিকেটে নামার জন্য সবুজ সংকেত দেয় বোর্ডের সেন্টার অব এক্সেলেন্স। আর এদিন তিনটি চার ও দুটো ছক্কায় ইনিংস সাজালেন হায়দরাবাদি।



