Bartaman Logo
২২ জুলাই, ২০২৬

রাজধানীজুড়ে কড়া সুরক্ষা বেষ্টনী

কাশ্মীরে জঙ্গি হামলার জের। মঙ্গলবার রাতেই কড়া নিরাপত্তার চাদরে ঢাকল দিল্লির ‘ধর্মতলা’ কনট প্লেস। মঙ্গলবার রাত সাড়ে ১০টার কিছু বেশি।

রাজধানীজুড়ে কড়া সুরক্ষা বেষ্টনী
  • ২৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কাশ্মীরে জঙ্গি হামলার জের। মঙ্গলবার রাতেই কড়া নিরাপত্তার চাদরে ঢাকল দিল্লির ‘ধর্মতলা’ কনট প্লেস। মঙ্গলবার রাত সাড়ে ১০টার কিছু বেশি। কনট প্লেস তখনও পুরোদমে জমজমাট। আচমকাই বিভিন্ন এন্ট্রি এবং এগজিট পয়েন্টে বসিয়ে দেওয়া হল গার্ডরেলের ব্যারিকেড। বিশেষ জ্যাকেট গায়ে চাপিয়ে হাজির পুলিস কর্মীরাও। গাড়ি থামিয়ে শুরু হল নাকা চেকিং। বুধবার অবশ্য সেই আঁটসাঁট পরিস্থিতি কিছুটা কম হলেও দিল্লি-এনসিআরজুড়ে ছিল কড়া নিরাপত্তা। দিল্লির ব্যস্ত রাস্তাগুলিতে পুলিসি নজরদারি ছিল পুরোমাত্রায়। বাদ যায়নি পর্যটনস্থলগুলিও। কারও গতিবিধি সন্দেহজনক মনে হলেই ধেয়ে এসেছে প্রশ্ন। দেখাতে হয়েছে পরিচয়পত্র।

Advertisement

এমনিতেই লালকেল্লা এবং সংলগ্ন চত্বরে নিরাপত্তা ব্যবস্থা বেশ কড়া। লালকেল্লার কয়েক কিলোমিটারের মধ্যেই বিখ্যাত জামা মসজিদ। লালকেল্লা সংলগ্ন চত্বরে জমজমাট চাঁদনি চক। সর্বক্ষণ সস্তায় বিক্রিবাটা, বিকিকিনির ভিড়। বুধবার অবশ্য এলাকার সর্বত্র ছিল চাপা একটা আতঙ্ক। লালকেল্লাই বা কুতুব মিনার—প্রায় সর্বত্রই প্রবেশ, প্রস্থানের রাস্তায় একাধিকবার দেখাতে হয়েছে সচিত্র পরিচয়পত্র। নিউদিল্লিতে রয়েছে সংসদ ভবন, রেল ভবন, শাস্ত্রী ভবন, কৃষি ভবনের মতো একাধিক গুরুত্বপূর্ণ জায়গা। অদূরেই রাষ্ট্রপতি ভবন। স্বাভাবিকভাবে এসব জায়গায় সর্বদাই নিরাপত্তার কড়াকড়ি থাকে। বুধবার সেই মাত্রা ছিল কিছুটা বেশি। সংসদের অধিবেশন চলুক বা না চলুক, সংলগ্ন রাস্তার একটি দিক সবসময়ই গার্ডরেলের ব্যারিকেডে বন্ধ থাকে। তবে অধিবেশন চলাকালীন তার পার্শ্ববর্তী মেট্রো স্টেশনে প্রবেশ করতে হলেও যাত্রীদের পরিচয়পত্র দেখাতে হয়। এদিন সাময়িকভাবে তা চালু করেছিল দিল্লি পুলিস। উদ্দেশ্যহীনভাবে সেই গার্ডরেল-ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে থাকলেই ধেয়ে এসেছে একের পর এক প্রশ্ন। পুলিস-প্রশাসনের কড়া নজরদারিতে ছিলেন ইন্ডিয়া গেট, কর্তব্যপথে আগত সাধারণ মানুষও। হরিয়ানার কারনাল থেকে এসেছেন প্রিয় রঞ্জন। বললেন, ‘দিদির বাড়িতে এসেছি। বুধবার সন্ধ্যাতেই চলে যাওয়ার কথা। তাই ইন্ডিয়া গেট ঘুরতে এসেছিলাম। বেশ কয়েকবার পুলিসের প্রশ্নবাণের সামনে পড়তে হয়েছে।’ নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে দিল্লির জম্মু কাশ্মীর হাউসেও।

Advertisement
সম্পর্কিত সংবাদ