বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: স্বাধীনতা দিবসের আগে কড়া নিরাপত্তা জম্মু ও কাশ্মীরজুড়ে। অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয়েছে নজরদারি। রাজধানী শহর শ্রীনগরের বিভিন্ন অঞ্চলে চলছে পরিচয়পত্র যাচাই। তল্লাশি চালানো হচ্ছে গাড়িতেও। কাশ্মীর উপত্যকার বারামুলা, কুপওয়ারা, অনন্তনাগের মতো গুরুত্বপূর্ণ এলাকার পাশাপাশি জম্মু শহর, সাম্বা, রাজৌরি, পুঞ্চেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কেও নজরদারি বাড়ানো হয়েছে।
অনুপ্রবেশের আশঙ্কায় লাইন অব কন্ট্রোল ও পাক সীমান্তের সংবেদনশীল অংশগুলিতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। তালিকায় রয়েছে উত্তর কাশ্মীরের উরি, কেরান, তাংদার, গুরেজ এবং জম্মুর কৃষ্ণাঘাঁটি, পুঞ্চ, কাঠুয়ার মতো এলাকা। সীমান্ত সংলগ্ন গ্রামগুলির উপরও নজরদারি বাড়ানো হয়েছে। সোমবার গোটা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে একটি রিভিউ মিটিং করেন কাশ্মীরের আইজিপি ভি কে বিরদি। কাশ্মীর পুলিশের পাশাপাশি সেনা ও আধাসেনার উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। সেখানে সুরক্ষা ব্যবস্থা নিশ্ছিদ্র করার জন্য যাবতীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। শ্রীনগরের বক্সি স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উদযাপনের মূল অনুষ্ঠানের নিরাপত্তা পরিকল্পনাও খতিয়ে দেখেন তাঁরা।