যসংবাদদাতা, ময়নাগুড়ি: এবার শ্রাবণী মেলায় এলে শৈবতীর্থ জল্পেশ মন্দিরের গর্ভগৃহে প্রবেশের ক্ষেত্রে ৪০ টাকা দিয়ে মিলবে টিকিট। আগে এই টিকিটের দাম ছিল ৫০ টাকা। ১০ টাকা টিকিটের দাম কমানোর পাশাপশি ১০০ টাকা মূল্যের টিকিট এ বছর আর থাকছে না। শুক্রবার একথা জানান জল্পেশ মন্দির কমিটির সম্পাদক গীরেন্দ্রনাথ দেব।
আগামী ১৯ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণী মেলা। এই মেলার বিশেষত্ব রবিবার ভক্তরা মন্দিরে আসেন। সারারাত লাইনে দাঁড়িয়ে থেকে সোমবার পুজো দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এবার সেই হিসাবে পাঁচটি সপ্তাহ ধরে চলবে মেলা। ইতিমধ্যেই এই মেলাকে ঘিরে ব্যবসায়ীরা আসতে শুরু করেছেন। বাঁশ পুঁতে দোকান করার জন্য জায়গা নিয়ে রাখছেন তাঁরা। আগে যেমন লম্বা লাইন দিয়ে ৫০ এবং ১০০ টাকার টিকিট কাটতে হত, এবার ভক্তদের অনলাইন টিকিটের ব্যবস্থা করা হচ্ছে। মন্দির কমিটি একটি এজেন্সির সঙ্গে এ ব্যাপারে কথা বলেছে। তারা সবকিছু ঠিক করছে। অনলাইনে বাড়িতে বসেও কিউআর কোড স্ক্যান করে অগ্রিম টিকিট কাটা যাবে। গীরেন্দ্রনাথ দেব বলেন, আমরা কেবলমাত্র ৪০ টাকার টিকিট রাখছি এবার। ১০০ টাকার টিকিট এবার আর থাকছে না। চাইলে অনলাইনে ভক্তরা টিকিট কাটতে পারবেন। বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য হুইল চেয়ার রাখা হবে।
শ্রাবণী মেলায় দোকান দেবেন দোমোহনির মেলা ব্যবসায়ী জয়ন্ত বণিক। তিনি বলেন, এবার টিকিটের দাম কমাতে আরও ভিড় হবে বলে আশা করছি। যাতে বড়ো করে দোকান সাজাতে পারি তারজন্য আগেই এসেছি জায়গা নিতে। জল্পেশ মন্দির। - নিজস্ব চিত্র