নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রপাতসহ বৃষ্টি ও ঝড়ের সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। মধ্য বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে উত্তর ওড়িশার উপকূল পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। তার সঙ্গে অনুকূল বায়ুস্রোত ও বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশের জন্য বজ্রমেঘ সৃষ্টির প্রবণতা এখন বেশি থাকবে। বর্ষাকাল শুরুর আগে, মার্চ-মে পর্যন্ত সময়ে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রপাতের আশঙ্কা খুবই বেশি থাকে। এই বজ্রপাত নিয়েই বেশি উদ্বিগ্ন থাকে আবহাওয়া দপ্তর। প্রতিবছর দেশে প্রাকৃতিক দুর্যোগ থেকে যত মৃত্যু হয়, তার মধ্যে সবচেয়ে বেশি হয় বজ্রপাতের কারণে। পূর্ব ভারতের রাজ্যগুলিতে বজ্রপাতে বহু মৃত্যু প্রতিবছরই হয়। এই তালিকায় পশ্চিমবঙ্গ আছে। যদিও এই মরশুমে এখনও রাজ্যে বজ্রপাতে মৃত্যুর খবর নেই। কয়েকদিন আগে বজ্রপাতে বিহার ও উত্তরপ্রদেশ মিলিয়ে একদিনে ৮০ জন মারা গিয়েছেন।



