Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস, স্বস্তি

আজ, রবিবার থেকে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়, বজ্রপাত সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

আজ থেকে দক্ষিণবঙ্গে  ঝড়বৃষ্টির পূর্বাভাস, স্বস্তি
  • ২৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, রবিবার থেকে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়, বজ্রপাত সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। ফলে গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে আগামী কয়েকদিন। আগামী বুধবার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া ও পূর্ব বর্ধমান জেলায় ভোট। তবে ওই দিন তীব্র ঝড়বৃষ্টির ‘কমলা সতর্কতা’ জারি করা হয়নি এখনও। তবে ‘হলুদ সতর্কতা’ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলার জন্য এই ‘হলুদ সতর্কতা’ থাকছে শুক্রবার পর্যন্ত। ‘কমলা সতর্কতা’র অর্থ, ঝড়ের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৫০-৬০ কিলোমিটার হতে পারে। আর ‘হলুদ সতর্কতা’য় তা হতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। তবে আজ, রবিবার ও কাল, সোমবার বেশ কয়েকটি জেলায় ‘কমলা সতর্কতা’ থাকছে। নদীয়া, দুই বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ২৪ পরগনা রয়েছে এই তালিকায়। 

Advertisement

পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করছে। সেই কারণে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে এই ঝড়বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে পাহাড় ও লাগোয়া এলাকায় ঝড়বৃষ্টি হবে। আগামী মঙ্গলবার পর্যন্ত কয়েকটি জেলায় ‘কমলা সতর্কতা’ থাকছে। শনিবারও উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া জেলার কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়। ওই সব এলাকায় গত কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। এদিন সন্ধ্যা পর্যন্ত দক্ষিণবঙ্গের মধ্যে শুধু পুরুলিয়াতে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। তবে আজ পশ্চিমাঞ্চলের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় অস্বস্তিজনক গরম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।এদিন পশ্চিমাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা সেখানকার স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ৩-৪ ডিগ্রি বেশি থাকতে পারে। শুক্রবার পশ্চিমাঞ্চলের অনেক জায়গায় তাপপ্রবাহ পরিস্থিতি ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি ছিল এসব এলাকায়। সবথেকে বেশি তাপমাত্রা ছিল পুরুলিয়ায় (৪২.৩ ডিগ্রি)। আসানসোলেও সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছায়। শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা শুক্রবারের তুলনায় সামান্য কমে ৩৫.৬ ডিগ্রি হয়েছে। এটা স্বাভাবিকের থেকে সামান্য কম। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দিন দুয়েক রাজ্যে সার্বিকভাবে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তারপর পাঁচ দিনে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমবে।  

সম্পর্কিত সংবাদ