Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মোবাইলে বধূকে উত্ত্যক্ত করার অভিযোগে তিন যুবককে মারধর

মোবাইলে ক্রমাগত অশালীন মেসেজ ও কুপ্রস্তাব পাঠিয়ে এক গৃহবধূকে উত্যক্ত করার অভিযোগে তিন যুবককে উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা। শনিবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে রামপুরহাটের লোটাসপ্রেস মোড়ে।

মোবাইলে বধূকে উত্ত্যক্ত করার অভিযোগে তিন যুবককে মারধর
  • ৪ মে, ২০২৬ ০৪:০০

সংবাদদাতা, রামপুরহাট: মোবাইলে ক্রমাগত অশালীন মেসেজ ও কুপ্রস্তাব পাঠিয়ে এক গৃহবধূকে উত্যক্ত করার অভিযোগে তিন যুবককে উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা। শনিবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে রামপুরহাটের লোটাসপ্রেস মোড়ে। যদিও রবিবার দুপুর পর্যন্ত ওই গৃহবধূ বা তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ অবশ্য তিনজনকে থানায় বসিয়ে রেখেছে। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামপুরহাট শহরের বাসিন্দা ওই গৃহবধূর মোবাইল নম্বর কোনোভাবে জানতে পেরে তাঁকে নিত্যদিন অশালীন ছবি, মেসেজ পাঠিয়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন শহর লাগোয়া একটি গ্রামের যুবক। গৃহবধূকে হোয়ার্টসঅ্যাপ কল করে কুপ্রস্তাব দিয়ে আসছিল ওই যুবক। এই লাগাতার হেনস্তায় ওই গৃহবধূ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। শনিবার সন্ধ্যায় তিনি তাঁর স্বামীকে সব কথা খুলে বলেন। এরপর পরিবারের সদস্যরা অভিযুক্তকে হাতেনাতে ধরার পরিকল্পনা করেন। কৌশলে অভিযুক্তকে রামপুরহাটের লোটাস প্রেস মোড়ে ডেকে পাঠানো হয়। যুবকটি তার দুই বন্ধুকে নিয়ে সেখানে পৌঁছালে উপস্থিত জনতা ও গৃহবধূর পরিবারের লোকজন তাদের ঘিরে ধরে গণপিটুনি শুরু করে। প্রচুর মানুষ সেখানে ভিড় জমান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতার হাত থেকে ওই তিন যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। যদিও সংবাদ মাধ্যমে ওই গৃহবধূ বা তাঁর পরিবারের কেউ মুখ খুলতে চাননি। 
তবে উপস্থিত অনেকের মতে, গৃহবধূর সাহসিকতা এবং স্থানীয়দের এগিয়ে আসা প্রমাণ করে যে, সামাজিক মাধ্যমে হেনস্তাকে এখন আর ছোট করে দেখা হচ্ছে না। অপরাধীদের উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়।
যদিও এই ধরনের পরিস্থিতিতে সরাসরি থানায় বা সাইবার সেলে অভিযোগ জানানো সবচেয়ে নিরাপদ। এই ধরনের অপরাধের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান রয়েছে। সে দিকে না গিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়ায় গৃহবধূ ও তাঁর পরিবারের সমালোচনা করেছেন অনেকে।

সম্পর্কিত সংবাদ