Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হলদিয়ায় মিছিল ও জনজোয়ারে ভেসে মনোনয়ন জমা তৃণমূলের তিন প্রার্থীর

বৃহস্পতিবার হলদিয়ায় তৃণমূল কংগ্রেসের মনোনয়নের মিছিল স্বতঃস্ফূর্ত জনজোয়ারে ভাসল। জয় বাংলা স্লোগানে মুখরিত হল হলদিয়ার রাজপথ

হলদিয়ায় মিছিল ও জনজোয়ারে ভেসে মনোনয়ন জমা তৃণমূলের তিন প্রার্থীর
  • ৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হলদিয়া: বৃহস্পতিবার হলদিয়ায় তৃণমূল কংগ্রেসের মনোনয়নের মিছিল স্বতঃস্ফূর্ত জনজোয়ারে ভাসল। জয় বাংলা স্লোগানে মুখরিত হল হলদিয়ার রাজপথ। তৃণমূল কর্মী সমর্থকরা মেতে ওঠেন বাঁধভাঙা আবেগ ও উচ্ছ্বাসে। বিশাল আকারের মাটির লক্ষ্মীর ভাণ্ডার মাথায় নিয়ে জয়ধ্বনি দেন মহিলারা। সন্তান কোলে ঝান্ডা হাতে মিছিলের মুখ হয়ে ওঠেন গ্রামের মায়েরা। মহিলা ঢাকিরা একদিকে বোল তুলেছেন, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আনন্দে নাচছেন শ›য়ে শ›য়ে মহিলা। ধামসা মাদল, ব্যান্ড পার্টির বাজনার তালে প্রবল উচ্ছ্বাস যুবকদের মধ্য। এমন আবেগঘন পরিবেশে হুড খোলা জিপে চেপে মনোনয়ন দিতে যাওয়ার সময় আন্তরিক শুভেচ্ছা পেলেন হলদিয়া, নন্দীগ্রাম ও মহিষাদলের তৃণমূল কংগ্রেসের তিন প্রার্থী। এদিন হলদিয়ার তৃণমূল প্রার্থী তাপসী মণ্ডল, নন্দীগ্রামের পবিত্র কর এবং মহিষাদলের তিলক চক্রবর্তী মনোনয়নপত্র জমা দিয়েছেন। পবিত্র কর এদিন নন্দীগ্রামের এআরও রাজর্ষি নাথের কাছে মনোনয়ন জমা দেন। হলদিয়া প্রার্থী তাপসী জমা দেন মহকুমা শাসক সুরভি সিংলার কাছে। মহিষাদলের প্রার্থী তিলকবাবু মনোনয়ন জমা দেন দীপ ভাদুড়ি কাছে। সকাল ১১টা নাগাদ সিপেট ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন মাঠ থেকে শুরু হয় রোড শো। বিজেপি নন্দীগ্রাম থেকে বাসে করে লোক এনে দু’ দিন আগে মনোনয়নের সময় রোড শো করেছিল। এদিন অবশ্য উল্টো ছবি দেখা গেল তৃণমূলের রোড শোয়ে। হলদিয়া ও মহিষাদল বিধানসভার কর্মী সমর্থকরাই ভরিয়ে দেন সেই রোড শো। সিংহভাগই ছিলেন মহিলা এবং তাঁরাই হেঁটেছেন সামনের সারিতে। তৃণমূল নেতাদের বক্তব্য, মনোনয়নের রোড শোয়ে এদিন লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথী প্রকল্পের ঝলক দেখা গিয়েছে, ভোটে এটাই জেতার ইউএসপি হয়ে উঠবে। এদিন মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার আগে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর নন্দীগ্রামের বিজেপি প্রার্থীকে বহিরাগত বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী সংবাদমাধ্যমের কাছে হেভিওয়েট, আমার কাছে নয়। জনগণ যখন যাঁর সঙ্গে থাকে তখন তিনি হেভিওয়েট হন। এখন জনগণ ওঁর সঙ্গে নেই। তাই ওয়েট কমে গেছে। তাঁর দাবি, নন্দীগ্রামে তৃণমূল জিতবে, এখন ব্যবধান নিয়ে লড়াই হচ্ছে। তিনি বলেন, নন্দীগ্রামের মানুষ আমার আত্মীয় পরিজনের মতো। বিজেপির বহিরাগত প্রার্থীকে পরিত্যাগ করতে চাইছে। এদিন মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে তিলক চক্রবর্তী বলেন, মহিষাদলে প্রতিদিন বিজেপি ভেঙে দলের নেতাকর্মীরা এসে তৃণমূলের হাত শক্ত করছে। এসআইআরে বাংলার মানুষকে যেভাবে বিড়ম্বনায় ফেলেছে বিজেপি সরকার, এবার বিধানসভা ভোটে তার শিক্ষা দেবে মানুষ। এদিন বিকেলে বিশাল মিছিল করে এসে মহকুমা মনোনয়ন জমা দিয়েছেন বামফ্রন্টের হলদিয়ার সিপিএম প্রার্থী অশোক পাত্র, মহিষাদলের সিপিএম প্রার্থী পরিতোষ পট্টনায়ক এবং নন্দীগ্রামের সিপিআই প্রার্থী শান্তি গিরি। হলদিয়ার ক্ষুদিরামনগর থেকে মিছিল করে আসেন তাঁরা। মিছিলে ছিলেন সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি। তিনি বলেন, মুখ্যমন্ত্রী দাঁড়ানোর কারণে নন্দীগ্রাম আসনে গতবার জোরদার লড়াই ছিল, সেজন্য সিপিএম প্রার্থী দিয়েছিল। এবার সেই হাইপ না থাকায় ওই আসন সিপিআইকে ছেড়ে দেওয়া হয়েছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ