Bartaman Logo
৯ জুন, ২০২৬

জম্মুর হোম থেকে দুই পাকিস্তানি সহ তিন বন্দি পলাতক, ৬ পুলিশকর্মী সাসপেন্ড

জম্মুর একটি জুভেনাইল হোম থেকে উধাও দুই পাকিস্তানি নাগরিক সহ তিনজন। পালানোর আগে তারা প্রহরার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের উপর হামলাও চালায়।

জম্মুর হোম থেকে দুই পাকিস্তানি সহ তিন বন্দি পলাতক, ৬ পুলিশকর্মী সাসপেন্ড
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: জম্মুর একটি জুভেনাইল হোম থেকে উধাও দুই পাকিস্তানি নাগরিক সহ তিনজন। পালানোর আগে তারা প্রহরার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের উপর হামলাও চালায়। এই ঘটনায় দু’জন পুলিশকর্মী আহত হয়েছেন। আন্তর্জাতিক সীমান্তের কাছে দুই পাকিস্তানি নাগরিকের চম্পটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পলাতকদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। পাশাপাশি, কর্তব্যে গাফিলতির অভিযোগে মঙ্গলবার ছ’জন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, গত সোমবার আরএস পুরা সেক্টরের একটি জুভেনাইল হোমে থেকে তিন বন্দির উধাও হয়ে যাওয়ার খবর মেলে। তাদের মধ্যে আহসান আনোয়ার পাকিস্তানের পাঞ্জাবের নানকানা সাহিবের ও মহম্মদ সানাউল্লা পাকিস্তানের পাঞ্জাবের মুজফফরাবাদের বাসিন্দা। তৃতীয় বন্দির নাম করণজিৎ সিং ওরফে গুগ্গা। সে জম্মুর আরএস পুরার‌ ডাবলেহারের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, পলাতক তিন বন্দির হামলায় জখম হয়েছেন এসপিও বিনয় কুমার ও হেড কনস্টেবল প্রবীণ কুমার। তাঁদের চিকিৎসা চলছে। পলাতক বন্দিদের খোঁজে গোটা এলাকায় শুরু হয়েছে তল্লাশি অভিযান। সূত্রের খবর, নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের একাংশের কর্তব্যে গাফিলতির কারণেই তিন বন্দি পালিয়ে যেতে পেরেছে। ৬ পুলিশকর্মীকে সাসপেন্ড করার পাশাপাশি তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত সংবাদ