Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্বশুরকে খুনের অভিযোগে জামাই সহ গ্রেপ্তার তিনজন

সুপারি কিলার দিয়ে শ্বশুরকে খুনের অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। রবিবার রাতে বাদুড়িয়ার তেঁতুলিয়ায় ঘটেছে এই ঘটনা।

শ্বশুরকে খুনের অভিযোগে জামাই সহ গ্রেপ্তার তিনজন
  • ১২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: সুপারি কিলার দিয়ে শ্বশুরকে খুনের অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। রবিবার রাতে বাদুড়িয়ার তেঁতুলিয়ায় ঘটেছে এই ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কাজি মোজাফ্‌ফর আহমেদ (৪৯)। এদিন রাতে একটি পরিত্যক্ত ইটভাটার রাস্তা থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই উদ্ধার হয়েছে মৃতের মোটরবাইক এবং একটি মারুতি ইকো গাড়ি। ঘটনায় মৃতের জামাই শামিম গাজি সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের সোমবার বসিরহাট আদালতে তোলা হলে পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে স্বরূপনগর থানার বাঁকড়া এলাকার বাসিন্দা শামিম গাজির সঙ্গে মোজাফ্‌ফর আহমেদের মেয়ের বিয়ে হয়। কিন্তু, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত। বহুবার দুই পরিবারের মধ্যে মীমাংসার চেষ্টা হয়। কিন্তু তাতে বিশেষ ফল হয়নি। শেষ পর্যন্ত মেয়েকে নিজের বাড়িতে এনে রাখেন তিনি। অভিযোগ, এরপর থেকেই জামাই ও শ্বশুরের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। মাঝেমধ্যেই দু’জনের মধ্যে বচসা এবং বিবাদ হতো বলেও দাবি পরিবারের।
স্থানীয় বাসিন্দাদের দাবি, রবিবার রাতে মোটরবাইক নিয়ে তেতুলিয়া ব্রিজ সংলগ্ন ভাটার রাস্তায় যান মোজাফ্ফর আহমেদ। তখন কয়েকজন তাঁকে জোর করে বাইক থেকে নামিয়ে একটি চারচাকার গাড়িতে তোলার চেষ্টা করেন। এলাকাবাসীদের বিষয়টি নজরে আসে। আশপাশের মানুষ ঘটনাস্থলের দিকে ছুটে এলে অভিযুক্তরা পালানোর চেষ্টা করেন। কিন্তু এলাকাবাসীরা তাঁদের ধরে ফেলেন। পরে গাড়ির পাশ থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় মোজাফ্‌ফর আহমেদকে। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয় তাঁকে। পরে মৃত্যু নিশ্চিত করতে তাঁর মুখে জোর করে বিষ ঢেলে দেওয়ার চেষ্টা করা হয়।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ