Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পঞ্চায়েতের তিন প্রকল্প অকেজো, ভরতপুরের গড্ডা পঞ্চায়েতে তীব্র জল সংকট ঘিরে ক্ষোভ তুঙ্গে

পঞ্চায়েত থেকে তিনটি জল প্রকল্প তৈরি হলেও গত দু’বছর ধরে সেগুলি অকেজো। ফলে পানীয় জলের সংকটে জেরবার ভরতপুর ১ ব্লকের গড্ডাগ্রামের বাগদিপাড়া ও ধর্মতলাপাড়ার পরিবারগুলি।

পঞ্চায়েতের তিন প্রকল্প অকেজো, ভরতপুরের গড্ডা পঞ্চায়েতে তীব্র জল সংকট ঘিরে ক্ষোভ তুঙ্গে
  • ২৬ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইন্দ্রজিৎ কর্মকার, কান্দি: পঞ্চায়েত থেকে তিনটি জল প্রকল্প তৈরি হলেও গত দু’বছর ধরে সেগুলি অকেজো। ফলে পানীয় জলের সংকটে জেরবার ভরতপুর ১ ব্লকের গড্ডাগ্রামের বাগদিপাড়া ও ধর্মতলাপাড়ার পরিবারগুলি। সমস্যা নিয়ে পঞ্চায়েতকে বারবার জানান হলেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। এমনকী, একটি জল প্রকল্পের মোটরও তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি। ভরতপুর ১ নম্বরের বিডিও দাওয়া শেরপা সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভরতপুরের গড্ডা পঞ্চায়েতের ওই দুই পাড়ায় প্রায় ৪০০ পরিবরার বাস। প্রায় দু’বছর আগে সেখানকার পানীয় জলের সমস্যা মেটানোর জন্য পঞ্চায়েত থেকে দু’টি মোটরচালিত জল প্রকল্প ও একটি টিউবয়েল বসান হয়। যদিও জল প্রকল্প চালুর কয়েকমাস যেতে না যেতেই সবগুলিই অকেজো হয়ে যায়।

এরপর থেকে পঞ্চায়েতে বারবার জলের সমস্যার কথা জানান হলেও কোনও সমাধান হয়নি বলে দাবি বাসিন্দাদের। গৃহবধূ সুলেখা মাঝি বলেন, পঞ্চায়েতকে বারবার বলেও লাভ হয়নি। কটু কথা শুনেও অন্যের বাড়ি থেকে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে।

গ্রামের অপর গৃহবধূ সরস্বতী মাঝির অভিযোগ, পাড়ার পঞ্চায়েত সদস্যকে জানালে উনি আবার বলছেন, নিজেরা চাঁদা তুলে সারিয়ে নাও। আসলে আমাদের কথা কেউ শোনে না। এর মধ্যে পাড়ার পঞ্চায়েত সদস্য আবার জল প্রকল্পর মোটর তুলে নিয়ে চলে গিয়েছেন প্রায় দেড় বছর। তাই পানীয় জলের চরম সংকটে পড়ে গিয়েছি আমরা। যদিও পঞ্চায়েত প্রধান গোলাপী খাতুন বলেন, জল প্রকল্পগুলি বিকল থাকার কথা কেউ কোনওদিন জানাননি। কেউ লিখিত অভিযোগও পঞ্চায়েতে দেননি। এমন ঘটনার কথা প্রথম জানলাম। লিখিত অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আর যদি কোনও পঞ্চায়েত সদস্য চাঁদা তুলে পাম্প মেরামত করার কথা বলে থাকেন। তার খোঁজও নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ