সংবাদদাতা, বহরমপুর: অবশেষে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আরও তিনটি গুরুত্বপূর্ণ বিভাগ চালু হল। ইতিমধ্যে ওপিডিতে নিউরো মেডিসিন, নিউরো সার্জারি ও নেফ্রোলজি বিভাগের চিকিৎসা পরিষেবা শুরু হয়ে গিয়েছে। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, নিউরো সার্জারি বিভাগও খুব দ্রুত চালু হয়ে যাবে। অপারেশন থিয়েটার তৈরির কাজ চলছে। তিনটি বিভাগের জন্য তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক দেওয়া হয়েছে। সপ্তাহে দু’দিন করে তাঁরা ওপিডিতে চিকিৎসা করছেন।
মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অনাদি রায়চৌধুরী বলেন, আপাতত মেডিসিন বিভাগ থেকে রেফার করা রোগীকে ওপিডি বিভাগে চিকিৎসা করা হচ্ছে। ধীরে ধীরে চিকিৎসার পরিধি আরও বাড়বে। কার্ডিওলজি সহ বাকি আরও দু’টি বিভাগও চালু করতেও তৎপরতা নেওয়া হয়েছে। রোগী আসতেও শুরু করেছে। প্রচার হলে রোগীর সংখ্যা আরও বাড়বে বলে আশা করছি।
প্রসঙ্গত, ২০১২ সালের ১ আগস্ট মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের পথ চলা শুরু হয়। বর্তমানে মেডিকেল কলেজ থেকে প্রতি বছর ১৫০ জন আন্ডার গ্র্যাজুয়েট চিকিৎসক এবং ৩৮ জন পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসক বের হন। ডায়ালিসিসি, ক্যানসার ইউনিট থাকলেও মেডিকেল কলেজ হাসপাতালে এতদিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগ চালু না হওয়ায় রোগীরা চিকিৎসা করাতে পারছিলেন না। পরিকাঠামো না থাকায় এরমধ্যে নেফ্রোলজি, কার্ডিওলজি, নিউরোলজি বিভাগের রোগীদের চিকিৎসার জন্য কলকাতায় রেফার করা হত।
গত ১০ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জেলা সফরে এসে রবীন্দ্র সদনে প্রশাসনিক বৈঠক করেন। আর সেদিনই রাজ্য স্বাস্থ্য দপ্তরকে এই হাসপাতালে নিউরো, নেফ্রো, কার্ডিও সহ পাঁচটি বিভাগ চালু করার নির্দেশ দেন। পাশাপাশি পাঁচটি বিভাগের জন্যই স্পেশালিস্ট চিকিৎসক নিয়োগেরও নির্দেশ দেন। মাতৃমা সংলগ্ন নবনির্মিত ১০০ বেডের ভবনে নতুন বিভাগগুলি চালু করতে মেডিকেল কর্তৃপক্ষ তৎপরতা শুরু করেন। পূর্তদপ্তর ভবন হস্তান্তর করতে দেরি করায় এতদিন বিভাগগুলি চালু করা যায়নি বলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ দাবি করেছেন। চলতি সপ্তাহেই প্রথম পর্বে তিনটি বিভাগ চালু হয়ে গিয়েছে। আপাতত ওপিডিতে রোগীদের চিকিৎসা চলছে। ওটি রেডি হলেই নিউরো সার্জারি শুরু হবে।