নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মদ খেয়ে গালিগালাজ ও অভব্য আচরণের প্রতিবাদ করায় তিনজনকে চপার দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে গড়িয়াহাট এলাকায়। এই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, জনাপাঁচেক যুবক শনিবার রাতে রাস্তায় মদ্যপান করছিল। সেই সময় তাদের মধ্যে ঝামেলা বেঁধে যায়। একে অপরকে গালিগালাজ করতে থাকে। তাদের আচরণে ক্ষুব্ধ স্থানীয়রা প্রতিবাদ করেন। তখনই তাঁদের উপর চড়াও হয় যুবকরা। তিনজনকে চপার দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। তাঁদের অভিযোগের ভিত্তিতে ওই রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।



