Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আমতার তিন মৌজায় ১ কোটি ৩১ লক্ষ টাকায় তৈরি হচ্ছে তিনটি সেতু

আমতা বিধানসভার ঝিকিরা, শিবগাছিয়া ও কড়িয়া এলাকায় বিভিন্ন খালের উপরে থাকা সেতুগুলি ভগ্নপ্রায় অবস্থায় ছিল। স্থানীয় বাসিন্দারা ঝুঁকি নিয়েই ওই সেতু দিয়ে যাতায়াত করেন।

আমতার তিন মৌজায় ১ কোটি ৩১ লক্ষ টাকায় তৈরি হচ্ছে তিনটি সেতু
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: আমতা বিধানসভার ঝিকিরা, শিবগাছিয়া ও কড়িয়া এলাকায় বিভিন্ন খালের উপরে থাকা সেতুগুলি ভগ্নপ্রায় অবস্থায় ছিল। স্থানীয় বাসিন্দারা ঝুঁকি নিয়েই ওই সেতু দিয়ে যাতায়াত করেন। তাঁদের সমস্যার কথা চিন্তাভাবনা করে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর তিনটি সেতু নতুন করে তৈরি করতে চলেছে। প্রশাসন সূত্রে খবর, তিনটি সেতু তৈরি করতে ব্যয় হবে ১ কোটি ৩১ লক্ষ টাকা। এখন যে গতিতে কাজ হচ্ছে, তাতে আশা করা যায়, একমাসের মধ্যে এই নির্মাণকাজ শেষ হয়ে যাবে। উত্তর ভাটোরার ময়রাচক মৌজায় শিবগাছিয়া ও উত্তর ভাটোরা সংযোগকারী খালের উপর, পাইকবাসা মৌজায় ঝিকিরা ও শেওড়াবেড়িয়ায় মজা দামোদরের উপর এবং কড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে কড়িয়া বিরামপুর খালের উপরে থাকা সেতুগুলি রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছিল। স্থানীয় বাসিন্দারাই সেতুগুলি নতুন করে তৈরি করার দাবি জানিয়েছিলেন। সেইমতো তিনটি সেতু তৈরি করা হচ্ছে।

Advertisement

প্রশাসন সূত্রে খবর, ময়রাচক মৌজায় সেতু নির্মাণ করতে ব্যয় হবে ৫৬ লক্ষ টাকা, পাইকবাসা মৌজায় সেতু তৈরি করতে ব্যয় হবে ৪১ লক্ষ টাকা এবং কড়িয়া এলাকার সেতুটি নির্মাণ করতে ব্যয় হবে ৩৪ লক্ষ টাকা। আমতার বিধায়ক সুকান্ত পাল বলেন, বহুদিনের পুরানো সেতুগুলি খারাপ হয়ে গিয়েছিল। এলাকার মানুষের দাবিকে মান্যতা দিয়ে এখন বক্স কালভার্ট করে সেতুগুলি তৈরি করা হচ্ছে। তিনটি সেতু তৈরি হয়ে গেলে ঝিকিরা থেকে ভাটোরায় সরাসরি গাড়ি যেতে পারবে। শুধু তাই নয়, এর পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে পাইকবাসা মৌজায় তিন কোটি টাকা ব্যয়ে আরও একটি  বড়ো সেতু তৈরির জন্য টেন্ডার প্রক্রিয়া শেষ হযেছে। কিছুদিনের মধ্যেই সেতুর কাজ শুরু হয়ে যাবে বলে সুকান্তবাবু জানিয়েছেন।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ