নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গোপন ডেরায় হানা দিয়ে বিপুল পরিমাণ টাকা, আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বিষ্ণুপুর থানার পুলিশ। তাঁদের কাছ থেকে ২০ লক্ষ ৬৫ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে। কোথা থেকে এই টাকা এল, তার তদন্ত শুরু হয়েছে। সোমবার রাতে থানায় খবর আসে যে, বাখরাহাটের কাছে একটি বাড়িতে তিন দুষ্কৃতী আত্মগোপন করে রয়েছে। তাঁদের সঙ্গে বিপুল অর্থ ছাড়াও আগ্নেয়াস্ত্র রয়েছে। খবর পেয়ে ডায়মন্ডহারবার পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও বিষ্ণুপুর থানার পুলিশ অফিসাররা যৌথ অভিযান চালান সেখানে।বাড়িটিতে হানা দিয়ে বাবলু জাতি, কৌশিক জাতি এবং আদর্শ জাতি নামে ওই তিন যুবককে পাকড়াও করেন তাঁরা। তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ পাওয়া যায়। দেখা যায়, সঙ্গে দু’টি আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড কার্তুজও উদ্ধার হয়েছে। ওই তিনজনের বাড়ি বাখরাহাট এলাকাতেই। তদন্তকারীদের ধারণা, অন্য কোথাও বড় অপরাধ করে সেখান থেকে এই টাকা চুরি অথবা ডাকাতি করে আত্মগোপন করেছিল দুষ্কৃতীরা। তবে সঠিক কী অপরাধ এবং কীভাবে এই টাকা তাঁদের কাছে এল, তা জানার জন্য ধৃতদের পুলিশ হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা।



