নিজস্ব প্রতিনিধি, বারাসত: সেবা সেতু শিবিরে ভাঙচুর এবং প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি পোড়ানোর অভিযোগে সিপিএম নেতা সহ তিনজনকে গ্রেপ্তার করল দত্তপুকুর থানার পুলিশ। ধৃতরা হলেন সিপিএম নেতা হাবিব আলি, হাকিমা বিবি ও জাহাঙ্গীর আলি। হাবিব সিপিএমের দত্তপুকুরে এরিয়া কমিটির সদস্য। তাঁদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, ভাঙচুর এবং এলাকার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ হয়েছে। শনিবার ধৃতদের বারাসত আদালতে তোলা হলে পুলিশ হেপাজত হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার বারাসত ১ বিডিও অফিসে ‘সেবা সেতু অভিযান’ শিবির চলছিল। অন্নপূর্ণা যোজনাতে বঞ্চনার অভিযোগ তুলে মহিলারা সেখানে বিক্ষোভ দেখান। হাজির ছিলেন সিপিএম নেতা হাবিব। অভিযোগ, তাঁর মদতেই মহিলারা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ফ্লেক্স-ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেন। সরকারি শিবিরে কার্যত ভাঙচুর চলে। দত্তপুকুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফুটেজ খতিয়ে দেখে শুক্রবার রাতে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
আদালতে যাওয়ার পথে হাবিব বলেন, সাধারণ মানুষের হয়ে কথা বলার জন্য পুলিশ আমাকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে বিজেপির বারাসত সাংগঠনিক জেলা সভাপতি দীপঙ্কর চক্রবর্তী বলেন, হাবিবের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তিনি জেলও খেটেছেন। উনি সংখ্যালঘু মহিলাদের উস্কানি দিয়ে এই ঘটনা ঘটিয়েছেন।