নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বাড়ির সামনে জলের পাইপলাইন বসানো ঘিরে বিবাদ। তার জেরে এক অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনার পর রক্তপাত শুরু হয় মহিলার। হাসপাতালে নিয়ে যাওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূর গর্ভপাত হয় বলে অভিযোগ পরিবারের। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে সাঁকরাইলের মাঝেরপাড়ায়। তিনজনকে গ্রেপ্তার করেছে সাঁকরাইল থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ির সামনে জলের পাইপলাইন বসানো নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রতিবেশীদের সঙ্গে বচসা চলছিল রমত মল্লিকের পরিবারের। বুধবার রাতে ফের একই বিষয় নিয়ে বচসা শুরু হয়। ঝামেলা থামাতে এগিয়ে আসেন রমতবাবুর স্ত্রী। অভিযোগ, সেই সময় ফারহান মোল্লা ওরফে রমি তাঁর পেটে লাথি মারেন। এরপরই রক্তপাত শুরু হয়। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত হাওড়া হাসপাতালে নিয়ে যান।
রমত মল্লিকের দাবি, তাঁর স্ত্রী দু’মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। প্রায় ১০ বছর পর তাঁদের সন্তান আসার কথা ছিল। কিন্তু চিকিৎসকেরা জানান, গর্ভপাত হয়েছে। ঘটনার পর সাঁকরাইল থানায় অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগের ভিত্তিতে ফারহান মোল্লা ওরফে রমি মোল্লা ছাড়াও আজগর মোল্লা এবং সুরজ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।