Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ছেলেদের লড়াইয়ে গর্বিত টমাস টুচেল

ব্রোঞ্জ পদক জিতে ইংল্যান্ড ফুটবল দলের কোচ টমাস টুচেল গর্বিত। বিদেশে এই সাফল্য ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। বিস্তারিত পড়ুন।

ছেলেদের লড়াইয়ে গর্বিত টমাস টুচেল
  • ২০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মায়ামি: ১৯৬৬ সালে দেশের মাটিতে বিশ্বকাপ জয়। ফুটবল ইতিহাসে এটাই একমাত্র শিরোপা ইংল্যান্ডের। ২০১৮ সালে সেমি-ফাইনালে উঠলেও, সেবার চতুর্থ স্থানেই শেষ করেছিল থ্রি লায়ন্স ব্রিগেড। চলতি আসরেও শেষ চারের লড়াইয়ে আর্জেন্তিনার কাছে বশ মানে টমাস টুচেলের ছেলেরা। তবে ব্রোঞ্জ মেডেলের লড়াইয়ে শনিবার ফ্রান্সকে ৬-৪ ব্যবধানে পরাজিত করে তারা। সেই সুবাদে তৃতীয় স্থানে শেষ করেন হ্যারি কেনরা। 

Advertisement

মাত্র এক বছর আগেই দায়িত্ব নিয়ে দলকে এই উচ্চতায় পৌঁছে দিতে পেরে আপ্লুত ইংল্যান্ড কোচ। শনিবার ম্যাচ শেষে টুচেল বলেন, ‘দেশের বাইরে এটাই আমাদের সেরা পারফরম্যান্স। এই জয় অবশ্যই আগামী দিনে আরও ভালো খেলতে সাহায্য করবে। ব্রোঞ্জ পদক হাতে হয়তো আমরা সেই উচ্ছ্বাস দেখাতে পারলাম না। বিশ্বকাপে খেতাব না পাওয়ার কষ্ট অবশ্যই থাকবে। সেটা কোনোভাবেই ভোলা সম্ভব নয়। তবে দীর্ঘ ছ’দশক বাদে বিশ্বকাপের আসরে কোনো পদক নিশ্চিত করলাম। তাও আবার বিদেশের মাটিতে। অবশ্যই ছেলেদের এই লড়াইয়ে আমি গর্বিত। এখান থেকে আরও বড়ো কিছু অর্জনের লক্ষ্যে পথ চলা শুরু করতে হবে।’ অর্থাৎ, আগামী দিনে ইংল্যান্ডকে সাফল্য এনে দেওয়াতেই চোখ তাঁর।
বিশ্বকাপের মাঝপথেই হাতের কবজিতে চোট পেয়েছিলেন জর্ডন হেন্ডারসন। ফলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিতে বেঞ্চে বসেই কাটাতে হয় তাঁকে। তবে শনিবার তৃতীয় স্থানের ম্যাচের আগে ড্রেসিং-রুমে সতীর্থদের উদ্বুদ্ধ করতে বিশেষ পেপটক দেন এই অভিজ্ঞ মিডিও। মাঠে এমবাপেদের বিরুদ্ধে লড়াইয়ে যা অনেকটাই কাজে দেয়। এই প্রসঙ্গে কোচ টুচেল বলেন, ‘সেমি-ফাইনালে আর্জেন্তিনার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেও ৩০ মিনিটের স্পেলে আমরা ছিটকে যাই। একটা পরিকল্পনা থেকেই যাবতীয় সিদ্ধান্ত নিয়েছিলাম। তা কাজে আসেনি। সেই দায়িত্ব আমার। স্বপ্নভঙ্গের যন্ত্রণা কাটিয়ে ওঠা সহজ ছিল না। হেন্ডারসন সেই দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিল। আমাদের কাছে এই ম্যাচের গুরুত্ব অনেক। গত সাত সপ্তাহ ধরে যে লড়াই চালিয়েছি, তার নিরিখে অন্তত কিছু একটা অর্জন করতে চেয়েছিলাম। সেই লক্ষ্য সফল। তবে আবারও বলছি, আমাদের আরও ভালো ফুটবল খেলতে হবে। চাপের মুখে ম্যাচ নিয়ন্ত্রণের পাশাপাশি সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিখুঁত হওয়া জরুরি।’ এই আবহেই সমর্থকদের দলের উপর ভরসা রাখার বার্তা দিয়েছেন তিনি। বলেছেন, হঠকারী সিদ্ধান্ত না নিতে।

Advertisement
সম্পর্কিত সংবাদ